ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ঘরের মাঠে দুর্দান্ত জয় পেল ব্রাজিল

২০২৫ সেপ্টেম্বর ০৫ ০৯:২২:৫২

ঘরের মাঠে দুর্দান্ত জয় পেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠ মারাকানায় আবারও প্রমাণ করল ব্রাজিল কেন তাদের ‘ফুটবলের দেশ’ বলা হয়। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির পছন্দ অনুযায়ী চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আয়োজন করা হয় ঐতিহাসিক এই ভেন্যুতে। যেখানে এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেসের দুর্দান্ত গোলের সুবাদে সেলেসাওরা ৩-০ ব্যবধানে সহজ জয় তুলে নেয়।

চিলির বিপক্ষে আগেই সর্বোচ্চ জয়ের বিশ্বরেকর্ড ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দখলে। এবার মারাকানার জয়ে সেই ব্যবধান আরও বাড়িয়ে নিল তারা। এ নিয়ে প্রতিপক্ষের বিপক্ষে ৭৫তম ম্যাচে ব্রাজিলের জয় হলো ৫৩টিতে।

শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে ব্রাজিল। ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে নেয় ২২টি শট, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে চিলির আক্রমণ ছিল নিষ্প্রভ—৩টি শট নিয়েও গোলমুখে কোনো হুমকি তৈরি করতে পারেনি তারা।

প্রথমার্ধে আক্রমণাত্মক ব্রাজিল ক্যাসেমিরোর গোল পেলেও তা অফসাইডে বাতিল হয়। তবে ৩৭ মিনিটে এস্তেভাওর দুর্দান্ত শটে আসে কাঙ্ক্ষিত লিড। মাত্র ১৭ বছর বয়সে কিংবদন্তি পেলের পর ব্রাজিলের সবচেয়ে কনিষ্ঠ গোলদাতা হিসেবে ইতিহাসে নাম লেখালেন তিনি।

বিরতির পর বদলি খেলোয়াড় লুইস হেনরিক দুর্দান্ত ভূমিকা রাখেন। তার অ্যাসিস্ট থেকেই লুকাস পাকেতা হেডে ব্রাজিলের দ্বিতীয় গোল করেন। কিছুক্ষণ পর হেনরিকের নেওয়া শট রিবাউন্ড হয়ে আসলে গুইমারেস তা জালে জড়ান। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয়ে উৎসবে মাতে ব্রাজিলিয়ান সমর্থকেরা।"

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত