×

ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধ অন্তর্ভুক্তির বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

২০২৬ অক্টোবর ২৬ ১৮:৫১:১০

শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধ অন্তর্ভুক্তির বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধ অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই।

আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, নৈতিক, ইসলামিক ও ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে সামাজিক অবক্ষয় ঘটে। এ অবক্ষয় রোধ করতে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

তিনি বলেন, দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে গেলে তা জাতির জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধ অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই। এ জন্য ধর্মীয় শিক্ষার ওপর আরও গুরুত্ব দিতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন। এ লক্ষ্যে ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রচুরসংখ্যক প্রবাসী রয়েছেন। তাঁরা আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও অনেক বৃদ্ধি করা সম্ভব।

অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানগুলো থেকে হিফজ সম্পন্ন করা ১ হাজার ৭৫৭ জন ছাত্রছাত্রীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত