×

ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ট্রাইব্যুনালে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৪:৩২:৪০

ট্রাইব্যুনালে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ চলাকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কাছে ‘প্রোটেকশন’ চেয়েছেন প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের এজলাসে আসামির কাঠগড়ায় থাকা গ্রেফতার সাবেক মন্ত্রী কামরুল ইসলাম তাঁর উদ্দেশে উঁচু স্বরে কথা বলার একপর্যায়ে তিনি এ আরজি জানান।

এদিন সকালে কারাগার থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী নেতা কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাঁদের ট্রাইব্যুনালের এজলাসে আসামির ডকে হাজির করা হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) হানিফ মিয়া জবানবন্দি দেওয়া শুরু করেন।

সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে জুলাই আন্দোলনে কারফিউ চলাকালে রাজধানীর বাড্ডা-রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে হানিফ মিয়া বলেন, ‘এসব অপরাধের জন্য ১৪ দলের নেতারা দায়ী। কারণ তিনি টিভিতে এই নেতাদের মিটিং করে আন্দোলন কারীদের দমন-পীড়ন চালানোর সিদ্ধান্ত নেওয়ার কথা শুনেছিলেন।’

এরপর প্রসিকিউটর সুলতান মাহমুদ তাঁকে বলেন, ‘আপনি ১৪ দলের নেতাদের কথা বলছেন, তাদের নাম বলেন।’

এ সময় আসামিদের জন্য সংরক্ষিত কাচের গ্লাসের ভেতর থেকে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী নেতা কামরুল ইসলাম প্রসিকিউটরের উদ্দেশে উচ্চ স্বরে বলতে থাকেন, ‘এভাবে বললে তো হবে না। আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার। আপনি সাক্ষিকে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন?’

জবাবে সুলতান মাহমুদ কামরুল ইসলামের উদ্দেশে বলেন, ‘আপনি এভাবে সাউট করেন কেন? আপনার কিছু বলার থাকলে আইনজীবীর মাধ্যমে বলবেন।’

এরপর একপর্যায়ে ট্রাইব্যুনালের উদ্দেশে সুলতান মাহমুদ বলেন, ‘মাই লর্ড আমি প্রোটেকশন চাই।’

এ সময় আরেক প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘আমার মনে হয় জবানবন্দি ভুল করেননি। প্রসিকিউশনের একটাই টার্গেট, একটাই উত্তর চাই। সাক্ষী ১৪ দলের কথা বলায়, তিনি নাম বলতে বলেছেন।’

পরে আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, ‘এ বিষয়টি আসামিকে সনাক্তকরণের। আপনারা প্রশ্ন করে নাম বলাচ্ছেন?’ জবাবে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘এটা লিডিং প্রশ্ন না।’ এরপর সাক্ষী আবার তাঁর জবানবন্দি দেওয়া শুরু করেন।

আসামিদের বিরুদ্ধে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছিল গত ২৩ জুন। ওই দিন রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত