×

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

টেকসই শান্তিতে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণে জোর বাংলাদেশের

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৭:১২:৫৪

টেকসই শান্তিতে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণে জোর বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক রেজুলেশন ১৩২৫ গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে এর বাস্তবায়ন ও জবাবদিহি আরও জোরদারের বিষয়টি নিয়ে সেখানে আলোচনা হয়।

বৈঠকে শামা ওবায়েদ বলেন, ২০০০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে রেজুলেশন ১৩২৫ সমর্থনে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছিল। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।

শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানো, জলবায়ু ও মানবিক কার্যক্রমে নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) অ্যাজেন্ডাকে অন্তর্ভুক্ত করা এবং নারীর বিরুদ্ধে সহিংসতা ও অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর সহিংসতা মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়টিও বৈঠকে তুলে ধরেন শামা ওবায়েদ।

এ ছাড়া আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দিতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আমন্ত্রণ জানান তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ