×

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

রাজনৈতিক সমালোচনা হোক, ব্যক্তিগত অবমাননা নয়: রিজভী

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৭:০০:৪০

রাজনৈতিক সমালোচনা হোক, ব্যক্তিগত অবমাননা নয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক প্রতিপক্ষের কঠোর সমালোচনা করা গেলেও ব্যক্তিগতভাবে অবমাননাকর ভাষা ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, অতীতে বিরোধী রাজনৈতিক নেতাদের অবমাননাকর ভাষায় সম্বোধনের যে চর্চা গড়ে উঠেছিল, সেটির পুনরাবৃত্তি কাম্য নয়। রাজনৈতিক বক্তব্যে কঠোর অবস্থান থাকতে পারে, তবে ভাষা হতে হবে মার্জিত।

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর স্মৃতিচারণ করে তিনি বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ফ্যাসিবাদবিরোধী অবস্থানে তিনি ছিলেন আপসহীন। বিভিন্ন ধরনের নিপীড়ন-নির্যাতনের মুখেও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজ ও রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতা তৈরি করেছে।

গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের সভা-সমাবেশ, মিছিল ও রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান রিজভী। তাঁর মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু বিরোধী দলের কর্মসূচি পালনের অধিকারকে সম্মান করা প্রয়োজন। সাম্প্রতিক লংমার্চের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে কোনো বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া না হয়।

বাংলাদেশকে কোনো দেশের ওপর নির্ভরশীল করা কিংবা অন্য কোনো রাষ্ট্রের ‘পেছনের উঠান’ হিসেবে পরিণত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। দেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশকেই নির্ধারণ করতে হবে উল্লেখ করে রিজভী বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য প্রয়োজন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ