ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
যেসব কারণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে, জেনে নিন
ডুয়া ডেস্ক: শুধু ব্যবসায়িক অ্যাকাউন্ট নয়, বিভিন্ন কারণে সাধারণ ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেও নিষেধাজ্ঞা আসতে পারে। হঠাৎ অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ হারানোর ঘটনাও ঘটতে পারে। হোয়াটসঅ্যাপের নীতিমালার বাইরে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হলে অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই কোন কোন আচরণ বা ব্যবহারের কারণে অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়, সেগুলো জানা প্রয়োজন।
সন্দেহজনক কার্যক্রম
কোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ একাধিক বিষয় পর্যালোচনা করে। অ্যাকাউন্টটি কত দিন ধরে চালু, কীভাবে ব্যবহার করা হচ্ছে, অন্য ব্যবহারকারীরা সেটিকে কতবার ব্লক বা রিপোর্ট করেছেন এবং কী ধরনের বার্তা পাঠানো হচ্ছে এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়। ফলে একটি নির্দিষ্ট বার্তার কারণে নয়, বরং ধারাবাহিক কিছু আচরণের কারণেও কোনো অ্যাকাউন্ট সন্দেহজনক হিসেবে চিহ্নিত হতে পারে। অন্যদের কাছে স্প্যাম পাঠানোর উদ্দেশ্য না থাকলেও সন্দেহজনক কার্যক্রমের কারণে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।
অননুমোদিত অ্যাপ ব্যবহার
জিবি হোয়াটসঅ্যাপ ও এফএম হোয়াটসঅ্যাপের মতো পরিবর্তিত সংস্করণের অ্যাপ ব্যবহারের অনুমোদন নেই মেটার। এসব অ্যাপ ব্যবহারে নিরাপত্তা ও গোপনীয়তার ঝুঁকির পাশাপাশি অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার আশঙ্কাও থাকে। এমনকি এসব অননুমোদিত অ্যাপ ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত বার্তা না পাঠালেও শুধু ব্যবহারের কারণেই অ্যাকাউন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে পারে।
অল্প সময়ে অনেককে একই বার্তা পাঠানো
খুব অল্প সময়ের মধ্যে একই বার্তা অনেক ব্যক্তির কাছে পাঠালে তা স্প্যাম হিসেবে বিবেচিত হতে পারে। ফলে কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ, শুভেচ্ছাবার্তা কিংবা প্রচারণামূলক তথ্য দ্রুত অনেক নম্বরে পাঠালেও অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঝুঁকি রয়েছে।
অপরিচিত নম্বরে বেশি বার্তা পাঠানো
যেসব ব্যক্তি আপনার নম্বর সংরক্ষণ করেননি বা আপনাকে চেনেন না, তাঁদের নিয়মিত একসঙ্গে অনেক বার্তা পাঠালে তাঁরা বিরক্ত হয়ে নম্বরটি ব্লক বা রিপোর্ট করতে পারেন। কোনো অ্যাকাউন্টের পাঠানো বার্তার তুলনায় ব্লক বা রিপোর্টের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে হোয়াটসঅ্যাপ সেটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করে অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে পারে।
অনেক অপরিচিত ব্যক্তিকে গ্রুপে যুক্ত করা
একসঙ্গে অনেক অপরিচিত ব্যক্তিকে কোনো গ্রুপে যুক্ত করা কিংবা একই ব্যক্তিদের বারবার নতুন নতুন গ্রুপে যোগ করাও স্প্যাম আচরণ হিসেবে বিবেচিত হতে পারে। গ্রুপে যুক্ত হওয়ার পর যদি অনেক সদস্য দ্রুত সেটি ছেড়ে যান বা গ্রুপটি নিয়ে অভিযোগ করেন, তাহলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।
স্বয়ংক্রিয় বার্তা পাঠানো
তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যার বা অন্য কোনো অননুমোদিত সেবা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো হলে অ্যাকাউন্টের কার্যক্রম সীমিত করা হতে পারে। একইভাবে স্বয়ংক্রিয়ভাবে উত্তর দেওয়ার ব্যবস্থা চালু করলেও অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।
নতুন নম্বর থেকে হঠাৎ অতিরিক্ত কার্যক্রম
নতুন নিবন্ধিত কোনো ফোন নম্বর থেকে অল্প সময়ের মধ্যে অনেক মানুষকে বার্তা পাঠানো, একই সময়ে অনেক গ্রুপে যুক্ত হওয়া কিংবা বিভিন্ন গ্রুপে দ্রুত বার্তা পাঠানোর মতো কার্যক্রম চালানো হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর