×

ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

নতুন ধারার ছাত্ররাজনীতি বাস্তবায়নে ছাত্রদল সফল হবে: রাকিব

২০২৬ সেপ্টেম্বর ১৫ ২০:৪৪:৫২

নতুন ধারার ছাত্ররাজনীতি বাস্তবায়নে ছাত্রদল সফল হবে: রাকিব

নিজস্ব প্রতিবেদক: নতুন ধারার ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সফল হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রচলিত রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও ছাত্রদল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তাঁর ভাষায়, ‘আমরা বিশ্বাস করি, একটি নতুন ধারার ছাত্ররাজনীতি এবং জুলাইয়ের প্রকৃত আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্রদল সর্বদাই সফলকাম হবে।’

ডেঙ্গু প্রতিরোধেও ছাত্রদল বড় পরিসরে কার্যকর ভূমিকা রাখবে বলে জানান তিনি। রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশের যেকোনো দুর্যোগময় পরিস্থিতিতে ছাত্রদল সাধ্যমতো সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে। করোনার মহামারির সময়ও সারা দেশে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছিল বলে উল্লেখ করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভূমিকার কথাও স্মরণ করেন ছাত্রদল সভাপতি। তিনি বলেন, ছাত্রদলের রাজনীতির পাশাপাশি সামগ্রিক বাংলাদেশের রাজনীতিতেও ঢাকা কলেজের অনবদ্য অবদান রয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সারা দেশ উত্তাল হয়ে উঠলে ঢাকা কলেজ ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা সাইন্সল্যাব ও কলেজের সম্মুখভাগসহ নীলক্ষেতের সমস্ত সড়ক অবরুদ্ধ করে রাখার সাহসী চেষ্টা করেছিল।

পরিচ্ছন্নতা অভিযান নিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার ছুটির দিনে পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশ নিয়ে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার মূল দায়িত্ব প্রশাসন ও নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের হলেও ছাত্রদল এ কাজে সরাসরি অংশ নিয়ে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়।

তিনি বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে ছাত্রদল একটি বিশেষ বার্তা দিতে চায়-আমাদের শিক্ষাঙ্গন ও পরিবেশ পরিষ্কার রাখার নৈতিক দায়িত্ব আমাদের সবারই।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত