×

ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

‘সংসদে কথা বলার সুযোগ না পাওয়ায় রাজপথে নামতে হয়েছে’

২০২৬ সেপ্টেম্বর ১২ ১৪:১৭:৩১

‘সংসদে কথা বলার সুযোগ না পাওয়ায় রাজপথে নামতে হয়েছে’

নিজস্ব প্রতিবেদক: জনগণের দুর্ভোগ ও অধিকার নিয়ে সংসদে কথা বলার সুযোগ না পাওয়ায় বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকটে মানুষ কষ্টে রয়েছে। এসব বিষয় জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করলেও সরকার তাদের কথা বলতে দিচ্ছে না।

শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামে ইসলামি শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত শেষে স্থানীয় একটি মাদরাসায় আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করছি। কিন্তু সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।’

এর আগে সকালে তিনি আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই মাদরাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মানিকপোটল (মরিচতলা) গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত মানুষের অভিবাদনের জবাব দেন।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউজে রাতযাপন করেন ডা. শফিকুর রহমান। শনিবার সকাল সোয়া ৫টার দিকে তিনি সার্কিট হাউজ থেকে ধুনটের উদ্দেশে রওনা হন।

কবর জিয়ারত শেষে বগুড়া সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার। পরে দুপুর ১২টায় বগুড়া জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেন তিনি।

প্রসঙ্গত, আব্দুল মালেক ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামি ছাত্র আন্দোলনে নিহত হন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে।

জনগণের অধিকার ও তাদের দুর্ভোগের বিষয় সংসদে তুলে ধরার সুযোগ না পাওয়ার অভিযোগের মধ্যেই ডা. শফিকুর রহমান রাজপথে আন্দোলনের কথা জানান। একই সঙ্গে আব্দুল মালেকের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত