×

ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

২০২৬ নভেম্বর ০৭ ১৬:৪১:০১

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারকে সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানায় এনসিপি।

বিবৃতিতে বলা হয়, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। এ দিনে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এনসিপি।

দলটির বিবৃতিতে বলা হয়, স্বাধীন বাংলাদেশের স্বতন্ত্র রাজনৈতিক বিকাশ এবং এ দেশের জনগণের আত্মত্যাগ বারবার আঞ্চলিক পরাশক্তি আত্মসাৎ করতে চেয়েছে। তবে বাংলাদেশের অকুতোভয় জনগণ কখনো সিপাহী-জনতার অভ্যুত্থান, কখনো জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে আধিপত্য ও দাসত্বের জিঞ্জির নস্যাৎ করে দিয়েছে।

শহীদ জিয়াউর রহমান সম্পর্কে বিবৃতিতে বলা হয়, সামরিক শাসকদের মধ্যে বিরলতম ব্যক্তিত্ব ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সামরিক পটভূমি থেকে উঠে এসে তিনি একদলীয় বাকশালী রাজনীতি বাতিল করে দেশে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করেন। যদিও বাকশালী ফ্যাসিস্ট কাঠামো বহাল রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার তাঁর এ প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি।

এনসিপির বিবৃতিতে আরও বলা হয়, জিয়াউর রহমান বাকশালী কাঠামোর মধ্যে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র প্রবর্তন করতে চেয়েছিলেন। কিন্তু এই গণবিরোধী ফ্যাসিস্ট কাঠামো সুযোগ পাওয়া মাত্রই আদালতের মাধ্যমে সেই পঞ্চম সংশোধনী বাতিল করে দিয়েছিল।

বিএনপির সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, দুঃখজনক হলেও সত্য, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি ইতিহাস থেকে কোনো ঐতিহাসিক, রাষ্ট্রনৈতিক কিংবা সাংবিধানিক শিক্ষা নেয়নি। দলটি জুলাই সনদের মতো সংবিধানের মৌলিক পরিবর্তনকে আবারও অষ্টাদশ সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ করতে চাইছে। ভবিষ্যতে যেকোনো সময় এটি আদালত বা পরবর্তী সংসদের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এনসিপি বলেছে, ‘ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারকে সংবিধান সংশোধনের ক্ষুদ্র খোপে আঁটানোর অপচেষ্টা থেকে সরে আসুন। বাংলাদেশের জনগণের গণভোটের গণরায়কে সম্মান করে অবিলম্বে তা বাস্তবায়নের উদ্যোগ নিন। গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করুন।’

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই বিপ্লবের বদৌলতে প্রাপ্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে গণরায় অস্বীকার করলে ইতিহাসের কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত