ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
নিজস্ব প্রতিবেদক: প্রায় ৬০ লাখ বাংলাদেশি নাগরিকের জীবনবৃত্তান্ত (সিভি) ডার্ক ওয়েবে বিক্রির জন্য নিলামে তোলার দাবি করেছে ‘ম্যাডর্যাক্স’ নামের একটি হ্যাকারগোষ্ঠী। গোষ্ঠীটির দাবি, এসব সিভি বাংলাদেশি ক্যারিয়ার প্ল্যাটফর্ম ‘বিডি জবস’-এর ডেটাবেজ থেকে সংগ্রহ করা হয়েছে। সিভিগুলো বিক্রির জন্য এক হাজার মার্কিন ডলার করে দাম চাওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ‘ডার্ক ফোরামস ডট আর ইউ’ নামের একটি ওয়েবসাইটে সিভি বিক্রির পোস্ট দেয় ম্যাডর্যাক্স। হ্যাকারগোষ্ঠীটির দাবি, তাদের কাছে ৬০ লাখ বাংলাদেশি নাগরিকের সিভি রয়েছে এবং এসব সিভি বিডি জবস থেকে সংগ্রহ করা হয়েছে।
পোস্টে বলা হয়, মাত্র পাঁচজন ব্যক্তির কাছে এসব সিভি বিক্রি করা হবে। প্রতিটি সিভির জন্য এক হাজার মার্কিন ডলার করে দাম চাওয়া হয়েছে। সিভিগুলোতে বিডি জবস ব্যবহারকারীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, প্রশিক্ষণের তথ্য, একাডেমিক তথ্য ও পেশাগত অভিজ্ঞতাসহ বিভিন্ন ধরনের তথ্য রয়েছে।
দাবির স্বপক্ষে নমুনা হিসেবে ১৪৮টি সিভি প্রকাশ করেছে ম্যাডর্যাক্স। এসব সিভি বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। এশিয়া পোস্টের পক্ষ থেকে সেগুলো ডাউনলোড ও বিশ্লেষণ করে দেখা যায়, সবগুলো সিভির ধরন একই এবং সেগুলো বিডি জবসের সিভি টেমপ্লেটের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ১৪৮টি সিভির মধ্যে নারী ও পুরুষ উভয়ের সিভি রয়েছে। সিভিগুলোতে ব্যবহারকারীদের ব্যক্তিগত জীবনের প্রায় সব ধরনের তথ্যই রয়েছে।
নমুনায় থাকা সিভির তথ্যের সূত্র ধরে অন্তত তিনজন ব্যক্তির সঙ্গে কথা বলেছে এশিয়া পোস্ট। তাঁদের সঙ্গে সিভিতে থাকা তথ্যের মিল পাওয়া গেছে। তাঁরা জানিয়েছেন, বিডি জবসে তাঁদের সিভি রয়েছে। তবে বিডি জবস থেকে তাঁদের সিভির তথ্য অন্য কোথাও যাওয়ার বিষয়ে তাঁরা এখনো অবগত নন। বিডি জবসের পক্ষ থেকেও তাঁদের এ বিষয়ে কিছু জানানো হয়নি বলে জানান তাঁরা।
তবে নিজেদের ডেটাবেজ থেকে সিভি হ্যাকারদের কাছে যাওয়ার দাবি নাকচ করেছে বিডি জবস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর এশিয়া পোস্টকে বলেন, ‘আমাদের ডাটাবেইজ ‘ব্রিচ’ (হ্যাকারদের অনুপ্রবেশ) হয়েছে বলে এখনও জানি না। এমনটা হলে সবার আগে আমরাই জানতাম।’
তিনি বলেন, ‘অনেক চাকরিদাতা বিডি জবসে অর্থ দিয়ে চাকরিপ্রার্থীদের সিভি কেনেন। সেভাবে কোনো সিভি হ্যাকারদের কাছে যেতে পারে। আবার অনেকেই এখন নিজেদের সিভি বিনামূল্যে লিংকড ইনেও রাখেন। সেখান থেকেও সিভির তথ্য অন্য কোথাও যেতে পারে।’
ফাহিম মাশরুর আরও বলেন, ‘আমাদের নাম ব্যবহার করলে অনেকের আয় রোজগার ভালো হয়। তেমনি কেউ হয়তো আমাদের নাম ব্যবহার করে এসব করছে।’
তবে ফাহিম মাশরুরের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষক ও এথিক্যাল হ্যাকাররা। এথিক্যাল হ্যাকার ও সাইবার ৭১-এর পরিচালক আবদুল্লাহ আল জাবের এশিয়া পোস্টকে বলেন, ‘৬০ লাখ ব্যবহারকারীর সিভি বিডি জবস থেকে কেউ কিনে, সেটিকে আবার ডার্ক ওয়েবে বিক্রি করবে; বিষয়টা এত সরল না।’
তিনি বলেন, ‘আবার লিংকড ইন বা এ ধরনের কোনো প্ল্যাটফর্ম থেকে স্ক্র্যাপিংয়ের মাধ্যমে ৬০ লাখ ব্যবহারকারীর মতো বিশাল ডাটাবেজ তৈরি করে ডার্ক ওয়েবে বিক্রি করা বাস্তবসম্মত না। তাছাড়া লিংকড ইন-এর নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশি প্রতিষ্ঠানের থেকে নিশ্চই জোরালো।’
নাগরিকদের তথ্য অনাকাঙ্ক্ষিত কারও দখলে যাওয়া উদ্বেগজনক বলেও সতর্ক করেন আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, ‘আপনার সিভিতে কী নেই? আপনার পুরো নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ব্যক্তিগত মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, কোথায় কোথায় পড়াশোনা করেছেন, কোথায় কোথায় চাকরি করেছেন-সব কিছু। আপনার এই সংবেদনশীল ডেটা এখন সরাসরি সাইবার অপরাধীদের হাতের মুঠোয়।’
আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আপনার এই তথ্যগুলো দিয়ে তারা চাইলেই আপনার নামে ফেক আইডেন্টিটি তৈরি করতে পারে, ব্যাংক বা ফাইন্যান্সিয়াল জালিয়াতি করতে পারে, স্প্যামিং বা ফিশিং অ্যাটাক চালাতে পারে। এমনকি আপনার নাম ও ঠিকানা ব্যবহার করে এমন কোনো ভয়ংকর অপরাধমূলক কাজ করতে পারে, যার কিছুই আপনি জানেন না।’
তিনি প্রশ্ন তুলে বলেন, ‘বাংলাদেশের ডেটা সিকিউরিটির আজ এই বেহাল দশা কেন? বিডি জবস কি আদৌ এর কোনো জবাবদিহি করবে?’
ফোন বা ইমেইলে অপরিচিত কোনো মাধ্যম থেকে আসা কল, লিংক বা মেসেজের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জাবের। অপরিচিত কোনো মাধ্যম থেকে আসা লিংকে ক্লিক করা বা ইমেইলের কোনো অ্যাটাচমেন্ট ডাউনলোডের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ