×

ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ আগস্ট) 

২০২৬ আগস্ট ১৫ ১০:০৭:১৪

আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ আগস্ট) 

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্তে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে শনিবার (১৫ আগস্ট) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, গত ১৪ আগস্ট সকাল ১০টা থেকে স্বর্ণের সংশোধিত দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন দরে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দর কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

এ ছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে ১৩ আগস্ট স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১০৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫১ বার দাম বাড়ানো, ৫১ বার কমানো এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল।

সর্বশেষ দরপতনের পর আপাতত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত নতুন দামেই স্বর্ণ বিক্রি হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত