ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

ফের বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

২০২৬ আগস্ট ১২ ১০:৪৫:৪০

ফের বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ডুয়া ডেস্ক: মধ্যপ্রাচ্যে জাহাজে হামলার পর হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চলমান আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্রেন্ট ক্রুড প্রায় ৯০ ডলার প্রতি ব্যারেলের কাছাকাছি পৌঁছেছে।

বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক বাজারে অক্টোবর সরবরাহের ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে ৮৯ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এই দাম প্রায় ২৪ শতাংশ বেশি।

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার বলেন, হরমুজ প্রণালি নিয়ে চুক্তির সম্ভাবনা থেকে বাজার এখনো পুরোপুরি মুখ ফিরিয়ে নেয়নি। তবে আলোচনার অগ্রগতি নিয়ে আস্থায় স্পষ্ট ঘাটতি তৈরি হয়েছে।

তার মতে, দৃশ্যমান অগ্রগতি ছাড়া আলোচনা যত দীর্ঘ হবে এবং দাবিগুলো যত জটিল হবে, দ্রুত সমঝোতায় পৌঁছানোর বিষয়ে সংশয় তত বাড়বে। মাসের শুরুতে যে আশাবাদ ছিল, তা এখন ধীরে ধীরে সতর্ক অবস্থানে চলে যাচ্ছে।

যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। প্রণালিটি পুনরায় চালুর বিষয়ে বিভিন্ন পক্ষ থেকে পরস্পরবিরোধী বার্তা আসায় গত এক সপ্তাহ ধরে তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালি নিয়ে ওমান ও ইরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দোহা দ্রুততম সময়ে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় চালুর পক্ষে অবস্থান নিয়েছে।

তবে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে তাদের আলোচনাকে হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয় থেকে আলাদা করে দেখছে তেহরান। ইরানি কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া ও অবরোধ প্রত্যাহারের মতো নির্দিষ্ট শর্তে সম্মত না হওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির ওপর ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে যুদ্ধের আগের সময়ের তুলনায় বর্তমানে এই জলপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, গত সোমবার মাত্র ১০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যুদ্ধের আগে প্রতিদিন গড়ে প্রায় ১৩০টি জাহাজ এই জলপথ ব্যবহার করত।

এদিকে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের সর্বশেষ বাজার পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৭ সালের শুরুর আগে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন যুদ্ধপূর্ব অবস্থার কাছাকাছি ফেরার সম্ভাবনা নেই। সংস্থাটি ২০২৬ সালে ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি ৮৭ ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ তেল বাজার বিশ্লেষক জুন গোহ বলেন, হরমুজ প্রণালির দুই দিকেই স্বাভাবিক জাহাজ চলাচল শুরু হলে ওপেকের অপরিশোধিত তেল উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে। তবে কূটনৈতিক আলোচনায় নতুন অগ্রগতি না এলে তেলের দাম ব্যারেলপ্রতি ৮৫ থেকে ৯০ ডলারের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে কূটনৈতিক সমাধানের অনিশ্চয়তা অব্যাহত থাকায় বৈশ্বিক তেল সরবরাহ ও বাজারদর নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ফের বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ডুয়া ডেস্ক: মধ্যপ্রাচ্যে জাহাজে হামলার পর হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চলমান আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার... বিস্তারিত