ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

এসএসসির ফলাফল দেখবেন যেভাবে 

২০২৬ আগস্ট ১০ ০৮:৪৯:২০

এসএসসির ফলাফল দেখবেন যেভাবে 

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে। এবার এসএমএসে ফল জানার ক্ষেত্রে ১৬২২২-এর পাশাপাশি নতুন করে ১৬১৪০ নম্বর যুক্ত করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের গতকাল রোববারের সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের সময় ও পদ্ধতি জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে ফল প্রকাশের পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা ফল সংগ্রহ করতে পারবে। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিস থেকে ফলাফল সরবরাহ করা হবে না।

অনলাইনে ফল দেখার নিয়ম

শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেeduboardresults.gov.bdএবংeducationboardresults.gov.bdওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘রেজাল্ট কর্নার’-এ প্রবেশ করতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN নম্বর দিলে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এসএমএসে এসএসসি ফল

মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও এসএসসি পরীক্ষার ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখতে হবে।

এরপর মেসেজটি ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। নতুন ১৬১৪০ নম্বরে পাঠানোর উদাহরণ হলো: SSC Dha 123456 2026। কিছুক্ষণের মধ্যে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

দাখিল ও কারিগরি পরীক্ষার্থীদের ফল

মাদ্রাসা শিক্ষার্থীদের এসএমএসে ফল পেতে আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। এজন্য Dakhil MAD 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে ফল পৌঁছে যাবে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা SSC TEC 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানতে পারবে।

পুনর্নিরীক্ষণের আবেদন

ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের আবেদনও করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে ১১ আগস্ট এবং চলবে ১৭ আগস্ট পর্যন্ত।

পরীক্ষা শেষের পর প্রায় তিন মাসের অপেক্ষা

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। সেই হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।

ফল প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে শিক্ষার্থীদের। এরপর তারা ফলাফল হাতে নিয়ে শিক্ষাজীবনের পরবর্তী ধাপের প্রস্তুতি শুরু করতে পারবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত