ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
গণভোটের রায় বাস্তবায়নে আলটিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ঢাকার জন্য ডাক আসবে, আর সেই ডাকে সাড়া দিতে ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন আরও তীব্র হবে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আয়োজনে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আজকের সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় সমাবেশ শেষ হলো। সারা দেশ ঘুরে তারা মানুষের কাছ থেকে একই দাবি শুনেছেন—গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দল উভয়েই ভোট চেয়েছিল, জনগণ তাদের ভোট দিয়েছে। এখন জনগণ সেই ভোটের বাস্তবায়ন দেখতে চায়। এ বিষয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়েই আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না জনগণ। বর্তমান সরকারও একসময় নির্যাতিত ছিল, কিন্তু তারা সেই অতীত ভুলে আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বলে অভিযোগ করেন তিনি। সমাজের সব ক্ষেত্রে দলীয়করণ এবং দুর্নীতিকে জাতীয়করণের চেষ্টা করা হচ্ছে দাবি করে তিনি বলেন, জনগণ তা মেনে নেবে না। শেখ হাসিনাকে যেভাবে জনগণ সরিয়েছে, বর্তমান সরকারও যদি ফ্যাসিবাদ কায়েম করে, তবে জনগণ তাদেরও ছাড় দেবে না।
জামায়াত আমির বলেন, সরকার ভালোভাবে জনগণের দাবি মেনে নিক। অন্যথায় দেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে এবং গুলিবিদ্ধ হয়ে মুক্তির সংগ্রামের পথ শিখেছে। শহীদ, জুলাই যোদ্ধা এবং ১৮ কোটি মানুষের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা হবে না। প্রয়োজনে জীবন দিয়েও দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে আলটিমেটাম দেওয়া হয়। একই সঙ্গে সেই দাবি উপেক্ষা করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান একেএম আমজাদুল ইসলাম চানসহ ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগের নেতারা বক্তব্য দেন।
এর আগে সকাল থেকেই সিলেট বিভাগের চার জেলা থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকেরা সমাবেশস্থলে জড়ো হন।
সমাবেশে সিলেট বিভাগের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত বঞ্চনা এবং স্থানীয় জনগণের বিভিন্ন দাবি-দাওয়াও তুলে ধরা হয়। পাশাপাশি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জোটের নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ