ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

গণমাধ্যমকর্মীদের ওপর জামায়াতের হামলার ঘটনায় ছাত্রদলের তীব্র নিন্দা

২০২৬ জুন ২৩ ১৫:৫৪:৪২

গণমাধ্যমকর্মীদের ওপর জামায়াতের হামলার ঘটনায় ছাত্রদলের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডিতে একাধিক গণমাধ্যমকর্মীর ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে সংগঠনটি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ছাত্রদলের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে রাজধানীর ধানমণ্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে ‘দৈনিক সকাল’র মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, ‘যমুনা টেলিভিশন’র সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং ‘কালবেলা’র সংবাদকর্মী আব্দুর রহমান ইশানসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বর্বরোচিত হামলা ও লাঞ্ছনার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।

এতে আরও বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত আরও প্রায় ২০ থেকে ২৫ জন সংবাদকর্মীও ওই হামলার মুখে পড়েন এবং লাঞ্ছিত হন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করা এবং সাংবাদিকদের ওপর হামলা চালানো যেকোনো স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থী। বিরোধী দলে থাকতেই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে কর্তব্যরত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, রাব্বী সিদ্দিকী ও আব্দুর রহমান ইশানসহ প্রায় ২৫ জন সংবাদকর্মীর ওপর যেভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ ও লাঞ্ছনা চালিয়েছে, তা অত্যন্ত আশঙ্কাজনক।

তারা আরও বলেন, এই ঘটনা প্রমাণ করে যে তারা ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে একটি উগ্র, অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়।

নেতারা বলেন, পেশাদার গণমাধ্যমকর্মীদের ওপর এই বর্বরোচিত হামলার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে যে স্বাধীনতাবিরোধী এই মৌলবাদী অপশক্তি বহুদলীয় গণতন্ত্র, মানবাধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ছাত্রদলের নেতারা অবিলম্বে সব গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত