ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দুই দশকেরও বেশি সময় পর চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবারের এই সফরকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সফর সফল করতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন।
সফরকালে প্রধানমন্ত্রী জেলার কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করবেন বলে জানা গেছে। খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন তিনি। এছাড়া জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়ে রাজনৈতিক দিকনির্দেশনাও দেওয়ার কথা রয়েছে তার।
নদীবেষ্টিত জেলা চাঁদপুর প্রাকৃতিক সৌন্দর্য, ইলিশ ও সম্ভাবনার জন্য পরিচিত হলেও দীর্ঘদিন ধরে নানা সমস্যায় পিছিয়ে রয়েছে। বিশেষ করে নদীভাঙন, শিক্ষাপ্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাস সংকট, শিল্পায়নের অভাব ও কর্মসংস্থানের সীমাবদ্ধতা স্থানীয়দের বড় উদ্বেগের কারণ। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় দুর্ভোগে রয়েছেন শিক্ষার্থীরা।
এ অবস্থায় ২২ বছর পর তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে নতুন আশার আলো দেখছেন জেলার মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, তার এই সফরের মাধ্যমে নদীভাঙন রোধ, শিক্ষা অবকাঠামো উন্নয়ন, ইপিজেড স্থাপন এবং নতুন কর্মসংস্থানের মতো দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সূত্র জানায়, শনিবার সকালে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করবেন।
পরে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দিনশেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।
চাঁদপুরের শিক্ষার্থীরা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফর জেলার তরুণদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে। তারা চাঁদপুর-কুমিল্লা সড়ক চার লেনে উন্নীত করা, পর্যটন খাতের উন্নয়ন, সংস্কৃতি অঙ্গনের বিকাশ এবং যুবকদের কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানিয়েছেন, দুটি খাল পুনর্খনন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি জেলার রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে ৩৭০ জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। একইসঙ্গে চাঁদপুর থেকেই দেশের ২২ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুরে একটি ইপিজেড স্থাপন তাদের অন্যতম প্রধান দাবি। তিনি মনে করেন, এখানে ইপিজেড গড়ে উঠলে শুধু চাঁদপুর নয়, আশপাশের জেলার মানুষও কর্মসংস্থানের সুযোগ পাবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির