ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন

২০২৬ এপ্রিল ২৮ ১৭:০৫:৫৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম শুরু হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করল। একই সঙ্গে অর্জিত হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, এবং বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎধারী দেশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে রূপপুর প্রকল্প এলাকায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। স্বাগত বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। এছাড়া ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি। অনুষ্ঠানের শুরুতে প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দীর্ঘদিন ধরে এ প্রকল্পে কাজ চলছিল। নিরাপত্তা নিশ্চিত রেখে দ্রুত প্রকল্পটি কমিশনিং করার লক্ষ্য ছিল, এবং আজ সেই লক্ষ্য পূরণের গুরুত্বপূর্ণ ধাপ অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, ফিজিক্যাল স্টার্টআপের পর জ্বালানি লোডিং শুরু হওয়া একটি গৌরবের বিষয়, যা বহু বছরের পরিকল্পনা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ফল।

তিনি উল্লেখ করেন, শিল্পায়ন ও টেকসই উন্নয়নের জন্য নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির গুরুত্ব অপরিসীম। এ প্রেক্ষাপটে পারমাণবিক শক্তি দেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে। এটি শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, প্রযুক্তিগত সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনাকেও শক্তিশালী করবে।

রেহান আসিফ আসাদ বলেন, রূপপুর প্রকল্পে ফুয়েল লোডিং কেবল একটি আনুষ্ঠানিক অগ্রগতি নয়, বরং এটি আন্তর্জাতিক সহযোগিতা ও দেশের নিজস্ব সক্ষমতার বাস্তব প্রতিফলন।

রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ জানান, ভবিষ্যতেও বাংলাদেশকে একইভাবে সহযোগিতা করা হবে। তিনি নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করে বলেন, সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মান বজায় রেখেই বিদ্যুৎকেন্দ্রটি পরিচালিত হবে। বর্জ্য ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জ্বালানি লোডিং সম্পন্ন করতে প্রায় ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে। এরপর ধাপে ধাপে পরীক্ষা-নিরীক্ষা শেষে আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

এর আগে, গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে, যা জ্বালানি লোডিংয়ের পথ সুগম করে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান জানান, বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য ৫২ জন বিশেষজ্ঞ লাইসেন্স অর্জন করেছেন। তাদের সঙ্গে রাশিয়ার লাইসেন্সপ্রাপ্ত অপারেটরদের সমন্বয়ে কেন্দ্রটি পরিচালিত হবে।

প্রকল্প কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, উৎপাদন প্রতি মাসে ১০ থেকে ১৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। ফিজিক্যাল স্টার্টআপের পর পূর্ণ ১২০০ মেগাওয়াট উৎপাদনে যেতে প্রায় ৮ থেকে ১০ মাস সময় লাগতে পারে। এ বছরের শেষ দিকে দ্বিতীয় ইউনিটেও জ্বালানি লোডিংয়ের মাধ্যমে উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে।

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। এখানে দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর স্থাপন করা হয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশেরও বেশি পূরণ করতে সক্ষম হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

৩ কোটি ডলার ঋণ পাচ্ছে প্রাইম ব্যাংক; চাঙ্গা হবে এসএমই ও কৃষি খাত

৩ কোটি ডলার ঋণ পাচ্ছে প্রাইম ব্যাংক; চাঙ্গা হবে এসএমই ও কৃষি খাত

নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি খাতের অন্যতম প্রধান প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ‘ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’... বিস্তারিত