ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

দেশে ফিরছেন যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকা ২৮০ বাংলাদেশি

২০২৬ মার্চ ২০ ২০:৪৫:২৭

দেশে ফিরছেন যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকা ২৮০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান ভয়াবহ যুদ্ধের কবলে পড়ে আটকে থাকা ২৮০ জন বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরছেন।

শুক্রবার (২০ মার্চ) গভীর রাতে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা রাজধানী ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ হওয়ায় আটকে পড়া এসব বাংলাদেশিকে প্রথমে প্রতিবেশী দেশ আজারবাইজানের রাজধানী বাকুতে নেওয়া হয়। বর্তমানে তাঁরা বাকুর ‘হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে’ অবস্থান করছেন এবং সেখান থেকেই বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

পুরো প্রত্যাবাসন প্রক্রিয়াটি সরাসরি তদারকি করছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, যিনি বর্তমানে আজারবাইজানে অবস্থান করছেন। এছাড়া এই মিশন সফল করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তাও বাকুতে গিয়েছেন। তাঁরা সেখানে অবস্থান করে প্রবাসীদের আইনি প্রক্রিয়া ও যাতায়াত তদারকি করছেন।

উল্লেখ্য, গত বছর জুন মাসেও মধ্যপ্রাচ্যে সংঘাত চলাকালীন ইরানে আটকা পড়া বাংলাদেশিদের পাকিস্তান হয়ে বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা হয়েছিল। এবারও প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুততম সময়ে এই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করল।

যুদ্ধকবলিত এলাকা থেকে ফিরে আসা এসব বাংলাদেশির জন্য বিমানবন্দরে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি সহায়তার প্রস্তুতি রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ