ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়নে সরকার নিরলস কাজ করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

২০২৬ মার্চ ১৮ ২০:১০:৪২

দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়নে সরকার নিরলস কাজ করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫.৫ কিলোমিটার দীর্ঘ ‘রমাকান্ত খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় সাড়ে ২১ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে এলাকার অন্তত ১০ হাজার হেক্টর জমিতে সরাসরি সেচ সুবিধা নিশ্চিত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বুধবার (১৮ মার্চ) বিকেলে গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের আলালচর চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই খনন কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় শত শত কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের প্রতিটি অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে। রংপুর অঞ্চলের কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে এই খাল পুনঃখনন একটি মাইলফলক হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, রমাকান্ত খালটি দীর্ঘদিন ভরাট হয়ে থাকায় কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন এবং বর্ষায় জলাবদ্ধতায় ব্যাপক ফসলহানি ঘটত। এই খালটি পুনরায় সচল হলে পানি নিষ্কাশন সহজ হবে, সেচ খরচ কমবে এবং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রমাকান্ত খাল পুনরুদ্ধারের এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কৃষকরা জানান, খালটি ভরাট হয়ে যাওয়ায় তাঁরা চরম বিপাকে ছিলেন। দ্রুত সময়ের মধ্যে খনন কাজ শেষ হলে আসন্ন মৌসুম থেকেই তাঁরা এর সুফল পাবেন বলে আশা করছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই উচ্চমান বজায় রেখে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে এবং মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ