ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

পড়াশোনা প্রায় ফ্রি: বিদেশের মাটিতে সাশ্রয়ী উচ্চশিক্ষার সেরা ১১ দেশ

পার্থ হক

রিপোর্টার

২০২৬ মার্চ ০৩ ১৯:৪৩:২৩

পড়াশোনা প্রায় ফ্রি: বিদেশের মাটিতে সাশ্রয়ী উচ্চশিক্ষার সেরা ১১ দেশ

পার্থ হক: উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোনোর পর হাজারো শিক্ষার্থীর চোখে ভাসে বিদেশের নামী বিশ্ববিদ্যালয়ে পড়ার রঙিন স্বপ্ন। তবে নিজের মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় কেবল আর্থিক সীমাবদ্ধতা আর সঠিক তথ্যের অভাবে সেই স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়। বিদেশ মানেই যে পাহাড়সম খরচ, এই ধারণা এখন অনেকটাই পুরনো। বর্তমানে এশিয়া ও ইউরোপের এমন অনেক দেশ রয়েছে যেখানে নামমাত্র খরচে কিংবা কোনো টিউশন ফি ছাড়াই বিশ্বমানের শিক্ষা অর্জন করা সম্ভব।

বিদেশে সাশ্রয়ী উচ্চশিক্ষার জন্য জার্মানি এখন তালিকার শীর্ষে। শক্তিশালী অর্থনীতি ও উন্নত প্রযুক্তির এই দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফি দিতে হয় না। তবে শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে ১৫০ থেকে ৩৫০ ইউরো প্রশাসনিক ফি দিতে হয়। বর্তমানে ব্লকড অ্যাকাউন্টে প্রায় ১১ হাজার ২০০ ইউরো (মাসিক প্রায় ৯৩৪ ইউরো) প্রদর্শনের নিয়ম রয়েছে। পড়াশোনা শেষ করে এখানে ১৮ মাসের 'পোস্ট-গ্র্যাজুয়েশন জব সিকার ভিসা' পাওয়ার সুযোগ থাকে।

আপনি যদি চেক ভাষায় পড়তে পারেন, তবে চেক প্রজাতন্ত্রের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন। তবে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে চাইলে বছরে ৩ হাজার থেকে ১২ হাজার ইউরো পর্যন্ত খরচ হতে পারে। অন্যদিকে, স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়েতে ২০২৩ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের জন্য টিউশন ফি চালু করা হলেও শিক্ষার মান বিচারে এটি এখনও আকর্ষণীয়। এখানে বছরে খরচ হতে পারে ১৩ হাজার থেকে ২৫ হাজার ইউরো।

সুইডেনে বাংলাদেশসহ নন-ইউরোপীয় শিক্ষার্থীদের ব্যাচেলর ও মাস্টার্সে বছরে ৮ হাজার থেকে ১৫ হাজার ইউরো ফি দিতে হলেও পিএইচডি পর্যায়ে সাধারণত বেতনভিত্তিক গবেষণার সুযোগ থাকে। আবার আভিজাত্য ও বিশ্বসেরা বিদ্যাপীঠের দেশ ফ্রান্সে স্নাতক স্তরে বছরে প্রায় ২ হাজার ৭৭০ ইউরো এবং মাস্টার্সে ৩ হাজার ৭৭০ ইউরো খরচ হতে পারে। প্যারিসের বাইরে ছোট শহরগুলোতে ৭০০ থেকে ৯০০ ইউরোতেই মাসিক জীবনযাত্রা নির্বাহ করা সম্ভব।

অস্ট্রিয়ার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নন-ইইউ শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে মাত্র ৭২৬ ইউরো টিউশন ফি দিতে হয়। অনেক ক্ষেত্রে উন্নয়নশীল দেশের মেধাবীদের জন্য এই ফি মওকুফের ব্যবস্থা থাকে। আবার তাইওয়ানে বছরে ১ হাজার থেকে ১৩ হাজার ইউরোর মধ্যে পড়াশোনা করা সম্ভব। যারা এশিয়ার মধ্যে থাকতে চান, তাদের জন্য তুরস্ক ও মালয়েশিয়া চমৎকার গন্তব্য। তুরস্কের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বছরে ৩০০ থেকে ৪ হাজার ইউরো এবং মালয়েশিয়ায় ২ হাজার থেকে ৫ হাজার ইউরোর মধ্যে স্নাতক সম্পন্ন করা যায়।

পোল্যান্ড ও আর্জেন্টিনার মতো দেশগুলোও সাশ্রয়ী শিক্ষার জন্য পরিচিত। পোল্যান্ডে বছরে ২ হাজার থেকে ৪ হাজার ইউরো খরচ হয়। অন্যদিকে আর্জেন্টিনায় সরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি নেই, যা শিক্ষার্থীদের জন্য এক বিশাল সুযোগ। জীবনযাত্রার খরচও এসব দেশে তুলনামূলক অনেক কম। সঠিক পরিকল্পনা আর প্রস্তুতি থাকলে এই ১১টি দেশের যেকোনো একটি হতে পারে আপনার উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত গন্তব্য।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শিক্ষা এর অন্যান্য সংবাদ