ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আগামীকাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আবারও বই ও সংস্কৃতির প্রাণের উৎসবের আমেজ। জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও পাঠাভ্যাসকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ‘অমর একুশে বইমেলা ২০২৬’। এবারের আয়োজনের প্রতিপাদ্য রাখা হয়েছে— ‘বহুমাত্রিক বাংলাদেশ’।
বৃহস্পতিবার বেলা ২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
এছাড়া সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাদশাও শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত মেলা চলবে। কর্মদিবসে প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে, তবে রাত সাড়ে ৮টার পর নতুন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১১টায়।
এবারের আয়োজনে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি অংশে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। সব মিলিয়ে ইউনিট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮টি।
পাঠকদের জন্য আগের মতোই বই কেনায় ২৫ শতাংশ কমিশন রাখা হয়েছে। লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি লিটলম্যাগ অংশ নিচ্ছে। মেট্রোরেল স্টেশনের অবস্থানের কারণে এবার বের হওয়ার পথ কিছুটা পরিবর্তন করে মন্দির-গেট সংলগ্ন এলাকায় নেওয়া হয়েছে। টিএসসি, দোয়েল চত্বর ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনসহ মোট চারটি প্রবেশ ও বাহির-পথ থাকবে।
এবারের মেলার অন্যতম আকর্ষণ ‘জিরো ওয়েস্ট বইমেলা’ ধারণা ও পরিবেশবান্ধব আয়োজন। পুরো প্রাঙ্গণকে পলিথিন ও ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। স্টল ও খাবারের দোকানগুলোতে পাট, কাপড় ও কাগজের মতো পুনঃব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। ধুলো নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানো ও মশক নিধনের ব্যবস্থাও রাখা হয়েছে। রমজান মাস বিবেচনায় মুসল্লিদের জন্য সোহরাওয়ার্দী উদ্যান অংশে তারাবি ও নামাজের ব্যবস্থা, ওয়াশরুম ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হয়েছে।
শিশুদের জন্য থাকছে বিশেষ ‘শিশুচত্বর’, যেখানে ৬৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ আয়োজন করা হবে। পাশাপাশি প্রতিদিন বিকেলে মূল মঞ্চে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বইয়ের মান ও স্টল সজ্জায় সেরা নির্বাচনে বিভিন্ন পুরস্কারের পাশাপাশি এবার নতুনভাবে চালু হয়েছে ‘সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার’।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)