ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াতের আমির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘নতুন বাংলাদেশ’ গড়ার রূপরেখা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক যেখানে রাজনীতির ভিত্তি হবে বিভাজন নয়, বরং ঐক্য, ন্যায় ও মানুষের মর্যাদা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর পলিসি সামিট–২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ৯টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সামিটে দেশের বিশিষ্ট চিন্তাবিদ, নীতিনির্ধারক, কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী এবং জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা অংশ নেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্রব্যবস্থার কথা বলে যেখানে আধুনিক বাজার অর্থনীতি কার্যকর থাকবে, প্রশাসন হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবে। তার মতে, ন্যায় ও নৈতিকতার ভিত্তি ছাড়া কোনো উন্নয়নই দীর্ঘস্থায়ী হতে পারে না।
নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় সমতা
নারীর অংশগ্রহণ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীর সম্পৃক্ততার দিক থেকে জামায়াতে ইসলামী শীর্ষ অবস্থানে রয়েছে। বর্তমানে দলের মোট সদস্যের প্রায় ৪৩ শতাংশ নারী যা দেশের রাজনৈতিক অঙ্গনে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত।
তিনি বলেন, নতুন বাংলাদেশে নারীরা যেন পূর্ণ নাগরিক হিসেবে নিজেদের সক্ষমতা বিকাশের সুযোগ পায়, সে জন্য প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষায় সমান অধিকার নিশ্চিত করা হবে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের প্রতি কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, যারা ন্যায়, সমতা ও মানবিক রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাস করে, জামায়াতে ইসলামী তাদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে প্রস্তুত।
তরুণদের কেন্দ্র করে রাষ্ট্র সংস্কার
তরুণ সমাজকে দেশের অগ্রগতির প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশের শাসন কাঠামোয় যুব কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তার ভাষায়, বেকার তরুণ সমাজ রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ, আর কর্মসংস্থানে যুক্ত তরুণরাই পারে দেশকে এগিয়ে নিতে।
তিনি একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে বাজার অর্থনীতির পাশাপাশি সামাজিক নিরাপত্তাও নিশ্চিত থাকবে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, নতুন বাংলাদেশ হবে উন্মুক্ত ও স্বচ্ছ অর্থনৈতিক পরিবেশের দেশ, যা বিনিয়োগের জন্য আস্থাশীল।
এ সময় তিনি শিল্পায়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই)-এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন।
দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান
ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সম্পদ যেন কখনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহৃত না হয়—এ বিষয়ে জামায়াতে ইসলামী কঠোর অবস্থানে থাকবে। দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতি রাষ্ট্রকে দুর্বল করে দেয় উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মানের স্বচ্ছতা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
একই সঙ্গে তিনি কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন। তার মতে, কৃষিকে অবহেলা করে কোনো দেশ টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না।
সংখ্যালঘু অধিকার: ধর্মীয় ও নৈতিক দায়িত্ব
সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষাকে তিনি শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, বরং একটি পবিত্র ধর্মীয় কর্তব্য হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বর্তমানে জামায়াতে ইসলামীর দলে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মাবলম্বী প্রায় পাঁচ লাখ সদস্য রয়েছেন, যারা দেশের উন্নয়নে সক্রিয়ভাবে যুক্ত।
তিনি বলেন, জাতি, ধর্ম কিংবা লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী আপসহীন থাকবে।
ঐক্যের মধ্যেই সমৃদ্ধ ভবিষ্যৎ
বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, এখন বিভাজনের সময় নয়, বরং একটি সুন্দর ও মানবিক ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ হওয়ার সময়।
সামিটে অংশ নেওয়া দেশি-বিদেশি বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী ও রিসোর্স পারসনদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই একটি সমৃদ্ধ, ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু