ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
কেন পাগলা মসজিদে এত দান করেন মানুষ, জানুন রহস্য
নিজস্ব প্রতিবেদক: মানত করলে মনের বাসনা পূরণ হয়, এই বিশ্বাস থেকেই কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে অকাতরে দান করেন নানা শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ। কেউ রোগমুক্তির আশায়, কেউ উচ্চশিক্ষা কিংবা সন্তানলাভের আশায় দান করেন। টাকা-পয়সার পাশাপাশি ভক্তরা দান করেন স্বর্ণালংকার ও নানা সামগ্রীও। তবে এই পবিত্র স্থানে মানুষ কেন এত দান করেন, তা নিয়ে রয়েছে নানা মত ও কিংবদন্তি।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে সবশেষ আয় হয়েছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। গত শনিবার (২১ নভেম্বর) রাতে স্থানীয় ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এ তথ্য জানান।
এই মসজিদের দানবাক্সে নানা শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ অকাতরে দান করেন। এই পবিত্র স্থানে তাঁরা কেন এত দান করেন, তা নিয়ে রয়েছে নানা মত ও কিংবদন্তি। মানুষের বিশ্বাস, এখানে মানত করলে মনের বাসনা পূরণ হয়। এই বিশ্বাস থেকে অনেকে রোগমুক্তি, উচ্চশিক্ষা ও সন্তানলাভসহ বিভিন্ন উদ্দেশ্যে দান করেন। টাকা-পয়সার পাশাপাশি ভক্তরা স্বর্ণালংকার ও নানা সামগ্রীও দান করেন।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় আড়াইশ বছরের পুরোনো মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলায় নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ধর্ম-বর্ণনির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে এটি একটি আধ্যাত্মিক স্থান হিসেবে পরিচিত। শুধু ইসলাম ধর্মাবলম্বী নন, সব ধর্মের মানুষের কাছেই এটি তীর্থস্থান। এ কারণে সবাই এখানে দান করেন।
খুব শিগগিরই মসজিদের দৃষ্টিনন্দন ১০ তলা ভবনের নির্মাণকাজ শুরু হবে। মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে জমা আছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এর বাইরে অনলাইনে দান হিসেবে জমা হয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা। এসব টাকা ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে এফডিআর হিসেবে রাখা আছে। এর লভ্যাংশ গরিব, অসহায়, অনাথ ও অসুস্থদের জন্য ব্যয় করা হয়। ইতিমধ্যে প্রায় ৮০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
মসনদে আলা ঈসা খাঁর বংশধরদের বাসস্থান কিশোরগঞ্জ শহরের হয়বতনগর এলাকার দেওয়ান বাড়ি। দেওয়ান হয়বত খান এই দেওয়ান বাড়ির প্রতিষ্ঠাতা। তাঁর নাম অনুসারেই শহরের একটি অংশের নামকরণ করা হয়েছে হয়বতনগর।
হয়বতনগর দেওয়ান বাড়ির দেওয়ানদের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ জেলা শহরের হয়বতনগর এলাকার প্রতিষ্ঠাতা দেওয়ান হয়বত খানের অধস্তন নবম পুরুষ দেওয়ান জোলকদর খান ছিলেন সুফিসাধক। কামেলিয়াতের জন্য তাঁর খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। তাঁর সঙ্গে দেখা করতে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতে শুরু করেন। তখন মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভূত হয়। একদিন স্বপ্নে আদিষ্ট হয়ে দেওয়ান জোলকদর খান দেওয়ান বাড়ির অদূরে উত্তর দিকে, জেলা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহাসিক নরসুন্দা নদীর তীরে এই পাগলা মসজিদ প্রতিষ্ঠা করেন।
স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন অঞ্চল থেকে দেখা করতে আসা মানুষ জোলকদর খানকে (আল্লাহর দেওয়ানা) ‘পাগলা’ বলে ডাকতেন। এই আল্লাহ-পাগল মানুষের হাতেই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে এলাকার মানুষ মুখে মুখে মসজিদটিকে পাগলা মসজিদ নামে ডাকতে থাকেন। পরে এই নামেই মসজিদটি খ্যাতি লাভ করে।
প্রতিষ্ঠার সময় মসজিদের ভূমির পরিমাণ ছিল ১০ শতাংশ। এখন তা সম্প্রসারিত হয়ে মোট ভূমির পরিমাণ প্রায় ৫ একর ৫০ শতাংশ। কর্তৃপক্ষ বলছে, মসজিদের জন্য আরও জায়গা কেনা হবে।
বর্তমানে তিনতলা এই মসজিদের ছাদে তিনটি বড় সবুজ গম্বুজ এবং পাঁচতলা ভবনের সমান উঁচু একটি মিনার রয়েছে। মসজিদের ইমারত অত্যন্ত সুন্দর, নির্মাণশৈলীও চমৎকার। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা হিসেবে খ্যাত। কিশোরগঞ্জ শহরের লেকসিটি প্রকল্পের আওতায় বর্তমানে মসজিদের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদী খনন, দৃষ্টিনন্দন সেতু নির্মাণ, মসজিদের শোভাবর্ধন ও রঙিন আলোকসজ্জার কাজ চলছে। ফলে দিনে ও রাতে মসজিদটি দেখতে মনোরম লাগে।
দেশের দূরদূরান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ মসজিদটি দেখতে ভিড় করেন। নারী-পুরুষ নামাজ আদায় করেন এবং টাকা-পয়সা, স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গরু-ছাগলসহ নানা সামগ্রী দান করেন। অনেক দর্শনার্থী মানতের অর্থ দান করেন। বিশেষ করে জুমার নামাজের সময় প্রচুর মানুষের সমাগমে মসজিদ পরিপূর্ণ হয়ে আশপাশের রাস্তাঘাট ও মাঠও ভরে যায়।
এ মসজিদে পুরুষের পাশাপাশি নারীদেরও নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে। নারীরা মসজিদের পৃথক স্থানে নামাজ আদায় করেন। মসজিদে যাঁরা আসেন, সবাই দুই হাত খুলে দান করেন। শুধু মুসলমান নন, অন্য ধর্মের লোকজনকেও এখানে দান করতে দেখা যায়। পাগলা মসজিদ বর্তমানে বাংলাদেশের অন্যতম বিত্তশালী মসজিদে পরিণত হয়েছে। তিন-চার মাস পরপর দানবাক্স খোলা হলে বৈদেশিক মুদ্রাসহ কোটি কোটি টাকা অনুদান পাওয়া যায়। এসব তথ্য ইতিমধ্যে দেশের সব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রতি শুক্রবার জুমার নামাজে প্রচুর মানুষের সমাগম হয়। সপ্তাহের অন্য দিনের তুলনায় জুমার দিনে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বেশি দান-খয়রাত করেন এবং জুমার নামাজ আদায় করতে আসেন। এ ছাড়া প্রতিদিনই মানুষ আসেন এবং দান করার দৃশ্য চোখে পড়ে।
এ মসজিদে দান করলে মনোবাঞ্ছা পূরণ হয়, এই বিশ্বাস থেকেই মানত মানা হয়। মানতের দান সম্পর্কে কিছু ইসলামি চিন্তাবিদ ও সচেতন আলেমসমাজ মনে করেন, এ ধরনের বিশ্বাস ও চিন্তা কুসংস্কারের অংশ ও সম্পূর্ণ শরিয়তবিরোধী। শুধু পাগলা মসজিদ নয়, পৃথিবীর যেকোনো মসজিদেই মানতের টাকা দান করার কোনো সুযোগ নেই। মানতের টাকার হকদার এতিমরা এবং সমাজের অবহেলিত গরিব ও অসহায় মানুষ, মসজিদ নয়। মানতের টাকা মসজিদে কোনোভাবেই ব্যবহার করা যাবে না।
এরপরও দানসিন্দুক খুললেই দেখা যায়, ভেতরে শুধু টাকা আর টাকা। এসব টাকা বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়। এরপর মসজিদের মেঝেতে বসে দিনব্যাপী টাকা গণনার কাজে অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়াতুল এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষের একটি দল।
এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন। গণনা শেষে দানের সব টাকা সম্পূর্ণ পুলিশি নিরাপত্তায় ব্যাংকে নিয়ে গিয়ে মসজিদের ব্যাংক হিসাব নম্বরে জমা রাখা হয়। এ ছাড়া মানতের বিভিন্ন দানসামগ্রী প্রতিদিন আসরের নামাজের পর প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। এ থেকে পাওয়া অর্থ পরদিন ব্যাংক আওয়ারে মসজিদের হিসাব নম্বরে জমা রাখা হয়। পরে প্রতি মাসে তা ব্যয় হয় কর্মচারীদের বেতন-ভাতা ও মসজিদের নানা রক্ষণাবেক্ষণের কাজে।
২০০০ সালে মসজিদের পাশে প্রতিষ্ঠিত হাফেজিয়া মাদরাসাটি গড়ে উঠেছে পাগলা মসজিদের টাকাতেই। সেখানে বর্তমানে ১৩০ জন এতিম শিশু পড়াশোনা করছে, আর তাদের যাবতীয় ভরণপোষণও চলে মসজিদের অর্থে। মসজিদের ব্যাংক হিসাব নম্বরে জমা রাখা দানের টাকা থেকে আসা লভ্যাংশ ব্যয় করা হয় দুস্থ ও দুরারোগ্য রোগীদের জন্য। এ ছাড়া মসজিদের মূল তহবিলের টাকা এখন আর কোথাও ব্যয় করা হয় না। প্রতি অর্থবছর ওয়াকফ স্টেটের নিরীক্ষকের মাধ্যমে মসজিদের আয়-ব্যয়ের নিরীক্ষা করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর