ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
দিল্লিতে বিরোধীদের সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে বিরোধী দলগুলোর বড় সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। আজ রোববার (১ নভেম্বর) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রা ও সমাবেশ হওয়ার কথা রয়েছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করেছে বিরোধী দলগুলো।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সমাবেশস্থল রামলীলা ময়দানের বাইরে লাঠি, ঢাল ও দাঙ্গা নিয়ন্ত্রণের যানবাহন নিয়ে অবস্থান নিয়েছেন নিরাপত্তাকর্মীরা। কর্মসূচি ঘিরে দিল্লির বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে ট্রাফিক পুলিশ।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সের (ইন্ডিয়া) নেতারা পদযাত্রায় অংশ নেবেন। মধ্য দিল্লি থেকে রামলীলা ময়দান পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। এতে কয়েক লাখ মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছে বিরোধী দলগুলো।
গত মাস থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছে বিরোধী দল, শিক্ষার্থী সংগঠন ও তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে বিতর্কের জের ধরে এ আন্দোলন শুরু হয়।
গত সেপ্টেম্বরে ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা সংশোধন, নিবন্ধনপ্রক্রিয়া ও ডিজিটাল ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনের দুই উপপ্রধান অভ্যন্তরীণভাবে একাধিক উদ্বেগ জানিয়েছিলেন। গত বছর শুরু হওয়া সংশোধন কার্যক্রমে ভোটার তালিকা থেকে ১৩ কোটির বেশি নাম বাদ দেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাদ পড়াদের মধ্যে প্রায় ২ কোটি ৮০ লাখ মৃত, ৬ কোটি ৩০ লাখ স্থানান্তরিত এবং ৩ কোটি মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি।
বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু ভোটাররা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের দাবি, এসব ভোটার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থক নন। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এ অভিযোগ অস্বীকার করেছে। নির্বাচন কমিশনের ভাষ্য, ভুলভাবে বাদ পড়া ভোটাররা আবারও তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তরুণদের বিক্ষোভ এবং বিরোধীদের প্রতি বাড়তে থাকা সমর্থন ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর তাঁর সরকারের জন্য সবচেয়ে বড় সংকট তৈরি করেছে বলে বিশ্লেষকদের অভিমত। তবে সরকারের স্থিতিশীলতা এখনো অটুট রয়েছে। পরবর্তী জাতীয় নির্বাচন ২০২৯ সালে হওয়ার কথা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)