×

ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

পরীক্ষা ও ফল প্রকাশে দ্রুততাসহ সাত দফা দাবি ডিসিইউ শিক্ষার্থীদের

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৬:০৪:৪১

পরীক্ষা ও ফল প্রকাশে দ্রুততাসহ সাত দফা দাবি ডিসিইউ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: ২০২১-২০২২ থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা দ্রুততম সময়ে শেষ করা এবং পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশসহ সাত দফা দাবি জানিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্য দেন ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সিদরাতুল আজাদ তানহা।

লিখিত বক্তব্যে সিদরাতুল আজাদ তানহা বলেন, ঢাকার সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র, আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলেন। প্রশাসনিক জটিলতা, সেশনজট, ফল প্রকাশে দীর্ঘসূত্রতা, শিক্ষক সংকট ও অ্যাকাডেমিক অনিশ্চয়তার প্রতিবাদে তাঁরা বিভিন্ন সময়ে রাজপথে আন্দোলন করেছেন। হাজারো শিক্ষার্থীর সাহস, সংগ্রাম ও আত্মত্যাগের ধারাবাহিকতায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক লুৎফর রহমানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসন ও অ্যাকাডেমিক সংকট মোকাবিলায় অধ্যাপক লুৎফর রহমান স্যারের অভিজ্ঞতাকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়া প্রশাসনের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধান ও বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে বলে তাঁরা বিশ্বাস করেন। দীর্ঘদিন আন্দোলনের পর তাঁরা এখন একটি স্বতন্ত্র প্রশাসন পেয়েছেন। তাই প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে এবং পুরোনো ব্যবস্থাকে কেবল বহাল রাখার পরিবর্তে বিদ্যমান সংকট নিরসনে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা পালন করবে এমন প্রত্যাশার কথাও জানান তিনি।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের সাত দফা দাবি হলো-

১. সেশনজট নিরসন: ২০২১-২০২২ থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে। পরীক্ষা শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।

২. ফি কমানো: সেশন ফি ও পরীক্ষার ফর্ম পূরণের ফি যৌক্তিক পর্যায়ে কমাতে হবে।

৩. পূর্ণাঙ্গ প্রশাসন ও আধুনিক কারিকুলাম: দ্রুততম সময়ে অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট গঠন করে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করতে হবে। পাশাপাশি সময়োপযোগী ও আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে।

৪. অ্যাকাডেমিক অবকাঠামোর উন্নয়ন: প্রতিটি ক্যাম্পাসে মানসম্মত শ্রেণিকক্ষ, পাঠদানের পরিবেশ, সমৃদ্ধ গ্রন্থাগার এবং গবেষণার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার ও নির্মাণকাজ সম্পন্ন করতে হবে।

৫. স্থায়ী প্রশাসনিক ভবন ও টিএসসি: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য স্থায়ী প্রশাসনিক ভবন এবং ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) নির্মাণ ও নিশ্চিত করতে হবে।

৬. আবাসন সংকট নিরসন: শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে প্রতিটি ক্যাম্পাসে প্রয়োজন অনুযায়ী নতুন আবাসিক হল নির্মাণ করতে হবে।

৭. পরিবহন সংকট নিরসন: শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য প্রতিটি ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক বিশ্ববিদ্যালয় পরিবহন বরাদ্দ নিশ্চিত করতে হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ