×

ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্যসেবার মান না বাড়লে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী

২০২৬ সেপ্টেম্বর ২৫ ১৯:২৬:৫১

স্বাস্থ্যসেবার মান না বাড়লে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যসেবার মান উন্নত করা ছাড়া কোনো দেশের প্রকৃত সমৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে-২০২৬ উপলক্ষ্যে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থ কিংবা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো যথেষ্ট নয়। মানুষের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উপযুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও জাতীয় সমৃদ্ধির গুরুত্বপূর্ণ সূচক।

ইলেকট্রনিক হেলথ কার্ডের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রিজভী বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আরও কার্যকরভাবে নিশ্চিত করা যাবে। একটি ইলেকট্রনিক হেলথ কার্ডের মাধ্যমে রোগীর চিকিৎসা পাওয়ার অধিকার এবং প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে।

তিনি বলেন, এমন স্বাস্থ্যব্যবস্থা কার্যকর করতে হাসপাতাল, ক্লিনিক, ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানসহ দেশের সংশ্লিষ্ট সব খাতকে সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। চিকিৎসকের দায়িত্ব পালনের পাশাপাশি রোগীর প্রয়োজনীয় ওষুধ পাওয়ার বিষয়টিও নিশ্চিত করার ব্যবস্থা থাকতে হবে।

দেশের ফার্মাসিউটিক্যাল খাতের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে ভেজাল ও নিম্নমানের ওষুধের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনার ব্যবহার বাড়িয়ে দেশের ওষুধশিল্পকে আরও শক্তিশালী ও মানসম্পন্ন করে গড়ে তুলতে হবে।

সমাজের ঝুঁকিপূর্ণ ও দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই সহজে উন্নত চিকিৎসাসেবা নিতে পারেন না উল্লেখ করে রিজভী বলেন, তাদের জন্য ইলেকট্রনিক হেলথ কার্ডের মতো উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

শান্তি ও সমৃদ্ধির লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সমৃদ্ধি শুধু মানুষের আয় বা খাদ্য কেনার সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। সুস্থভাবে বেঁচে থাকা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সক্ষমতাও এর গুরুত্বপূর্ণ অংশ।

রিজভী আরও বলেন, কোনো দেশ তার নাগরিকদের উপযুক্ত স্বাস্থ্যসেবা দিতে না পারলে সামগ্রিক সামাজিক উন্নয়নও পূর্ণতা পায় না। তাই জাতীয় সমৃদ্ধির সূচক মূল্যায়নের সময় স্বাস্থ্যসেবার অবস্থান ও মানকে গুরুত্ব দিতে হবে।

দেশের বিভিন্ন খাতের উন্নয়নে পেশাজীবীদের জ্ঞান, দক্ষতা, চিন্তা, উদ্ভাবন ও নতুন ধারণা কাজে লাগানোর আহ্বান জানান রিজভী। তিনি বলেন, অতীতে বিভিন্ন সেক্টরে দলীয়করণ ও দখলদারত্বের মাধ্যমে লুটপাটের অভিযোগ উঠেছে। ভবিষ্যতে এসব খাতের উন্নয়নে পেশাজীবীদের চিন্তা, উদ্ভাবন ও দক্ষতাকে কাজে লাগাতে হবে।

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে শান্তিময় ও সমৃদ্ধিশালী করতে স্বাস্থ্যসহ প্রতিটি গুরুত্বপূর্ণ খাতকে আধুনিক ও কার্যকরভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

সোসাইটি অফ বাংলাদেশ ফার্মাসিস্টের আহ্বায়ক মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ইউজিসির সদস্য ড. আসলাম হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস চ্যান্সেলর ড. মামুনুর রশিদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস চ্যান্সেলর ড. শফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. সোহেল রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ডিন প্রফেসর সেলিম রেজা, একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. শাহ আরমান প্রমুখ। এতে মূল প্রবন্ধ পাঠ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুর রশিদ।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত