ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তাঁর স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থপাচারসংক্রান্ত তথ্য সংগ্রহে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহায়তা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বিএফআইইউর কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের সই করা ওই চিঠি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পাঠানো হয়। এতে আসিফ মাহমুদ, তাঁর স্ত্রী এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির দেশে ও বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ চাওয়া হয়েছে। পাশাপাশি অর্থপাচারসংক্রান্ত নথিও সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে।
দুদকের নথিতে আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশে কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ, অর্থপাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বিএফআইইউর কাছে তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক।
চিঠিতে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির বাংলাদেশের বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে ব্যাংক হিসাব, সঞ্চয়ী ও চলতি হিসাব, ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, ঋণ, সঞ্চয়পত্র, এফডিআর ও ডিপিএসসহ বিভিন্ন আর্থিক পণ্যের তথ্য রয়েছে। এসব হিসাবের লেনদেন ও সংশ্লিষ্ট রেকর্ডও সংগ্রহ করে পর্যালোচনার কথা বলা হয়েছে।
অনুসন্ধানে বিদেশে বিনিয়োগ ও ব্যাংক হিসাবের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। দুদকের চিঠিতে বিদেশে সম্পদ ও অর্থপাচারের অভিযোগের প্রসঙ্গ উল্লেখ করে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
এসব দেশে আসিফ মাহমুদ বা তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কোম্পানির কোনো বিনিয়োগ, ব্যাংক হিসাব বা সম্পদ রয়েছে কি না, তা সংশ্লিষ্ট দেশের বিএফআইইউ-সদৃশ প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাইয়ের উদ্যোগ নিতে বলা হয়েছে। একই সঙ্গে বিদেশে বিনিয়োগ ও ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য সংগ্রহ করে দুদকের অনুসন্ধানে সরবরাহের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর দায়িত্বকালে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলির নথিও চাওয়া হয়।
দুদক জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো যাচাই করে অনুসন্ধানের জন্য আমলযোগ্য বিবেচিত হওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরপর গত ১৩ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে আরও নতুন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এসব অভিযোগের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োগ, বিভিন্ন জেলায় ডিসি পদায়ন, টেন্ডার প্রক্রিয়া, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প, ঘুষ ও অর্থপাচারের বিষয় রয়েছে।
নতুন অভিযোগে বিদেশে বিপুল অর্থপাচারের দাবিও করা হয়েছে। তবে দুদক স্পষ্ট করেছে, এসব অর্থপাচার ও সম্পদের তথ্য অভিযোগকারীর উত্থাপিত দাবি এবং অনুসন্ধানের মাধ্যমে এর সত্যতা যাচাই করা হচ্ছে।
দুদকের নথি অনুযায়ী, আসিফ মাহমুদের পাশাপাশি তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ এবং আর্থিক লেনদেনও যাচাই করা হবে। বিদেশে জমি, ব্যাংক হিসাব, বিনিয়োগ ও শেল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দেশগুলোর আর্থিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়