×

ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

অপরাধের নেপথ্যের কারণ খুঁজে মূল থেকে বন্ধ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৮:২৬:২৩

অপরাধের নেপথ্যের কারণ খুঁজে মূল থেকে বন্ধ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সমাজ গড়তে শুধু অপরাধীদের শাস্তি দিলেই হবে না, অপরাধ সংঘটনের পেছনের কারণও চিহ্নিত করে তা বন্ধ করার উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের মূল উৎস বন্ধ করা সম্ভব হলে সমাজে অপরাধের হার কমানো যাবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপদ সমাজ গঠনে অপরাধের নেপথ্যের কারণ খুঁজে বের করে উৎস মূলে আঘাত করতে হবে। মূল উৎস বন্ধ করতে পারলে সমাজে অপরাধের হার কমানো সম্ভব হবে।’

সময়ের সঙ্গে অপরাধের ধরন পরিবর্তিত হয়ে প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল রূপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অপরাধ মোকাবিলায় আধুনিক আইন ও প্রযুক্তির পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। অনুসন্ধানী সাংবাদিকতা শুধু অপরাধের ঘটনা তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ নয়; এর পেছনের কারণ এবং অপরাধী চক্রের কার্যক্রমও সামনে আনার গুরুত্বপূর্ণ মাধ্যম।

মন্ত্রী জানান, অনলাইন জুয়া, ম্যাচ ফিক্সিং ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় পুরনো আইন সংস্কার করে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ করা হয়েছে। একই সঙ্গে মাদক অপরাধ নিয়ন্ত্রণে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

ক্রাইম রিপোর্টারদের বিষয়ে তিনি বলেন, দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক ক্ষতিগ্রস্ত বা আহত হলে সিএসআর ফান্ডসহ অন্যান্য মাধ্যমে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বিভাগের পক্ষ থেকে সনদ দেওয়ার বিষয়টিও আইনগতভাবে পর্যালোচনা করা হবে।

অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন প্রমুখ। পরে স্বরাষ্ট্রমন্ত্রী কেক কেটে ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।অনুষ্ঠানে বক্তারা অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এ সময় অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে অপরাধের কারণ ও অপরাধী চক্রের কার্যক্রম সামনে আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত