×

ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জিন্নাহর ছবি রাখার কারণ জানালেন ডাকসু জিএস ফরহাদ

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৯:২৭:৫২

জিন্নাহর ছবি রাখার কারণ জানালেন ডাকসু জিএস ফরহাদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।

এস এম ফরহাদ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আকস্মিকভাবে শুরু হয়নি; এর আগে ধারাবাহিকভাবে নানা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। জিন্নাহ সরাসরি বাংলা ভাষার বিরোধিতা করে বলেছিলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। ভাষা আন্দোলনের পটভূমি হিসেবে তাঁর ওই বক্তব্য উল্লেখ করা হয়েছে। ছবির নিচে ইংরেজিতে জিন্নাহর বক্তব্যের সরাসরি উদ্ধৃতিও দেওয়া হয়েছিল। এরপর ভাষা আন্দোলনের পরবর্তী প্রেক্ষাপট কীভাবে তৈরি হয়, সেটিও সেখানে তুলে ধরা হয়েছে।

ডাকসু জিএস বলেন, জিন্নাহর ছবি এবং তাঁর “উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা”-এই বক্তব্যসংবলিত ক্যাপশন না দেওয়া হলে হয়তো বলা হতো, জিন্নাহ বাংলা ভাষার বিরোধিতা করেছিলেন-এই ইতিহাস তারা লুকিয়েছে কিংবা তাঁকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ছবি ও ক্যাপশন দেওয়ার পর এখন সেটিরই বিরোধিতা করা হচ্ছে।

ছাত্রদলের প্রতিক্রিয়ার সমালোচনা করে এস এম ফরহাদ বলেন, তাঁর কাছে মনে হয়েছে, ছাত্রদল পক্ষান্তরে জিন্নাহর পক্ষেই অবস্থান নিয়েছে। ছবিটি সরিয়ে নিতে তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। এর অর্থ দাঁড়ায়, জিন্নাহ যে বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেই ইতিহাস তারা আড়াল করতে চায়। অথচ ডাকসু সেখানে সঠিক ইতিহাসই তুলে ধরেছে।

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে দুটি বিষয় হতে পারে-হয় তারা ইতিহাস জানে না এবং পড়াশোনা করেনি, অথবা ইচ্ছাকৃতভাবে জিন্নাহর ভূমিকা আড়াল করার চেষ্টা করছে। সম্ভবত জিন্নাহর প্রতি তাদের আলাদা প্রীতি রয়েছে।

ছবিটি ভাঙচুরের বিষয়েও বক্তব্য দেন ডাকসু জিএস। এস এম ফরহাদ বলেন, আজ একজন শিক্ষার্থী ছবিটি ভেঙেছেন বলে তিনি দেখেছেন। শুনেছেন, ওই শিক্ষার্থী উর্দু বিভাগের। তাঁদের দেওয়া ছবি ও ক্যাপশনে জিন্নাহর উর্দুর পক্ষে অবস্থানের বিষয়টি তুলে ধরা হয়েছে। তাঁর ভাষ্য, সম্ভবত ওই শিক্ষার্থী চান না, উর্দুর বিষয়ে জিন্নাহর সেই অবস্থান মানুষ জানুক। এ কারণেই তিনি ছবিটি ভেঙে থাকতে পারেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ