×

ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

এলসি ছাড়াই শিল্প-বাণিজ্যিক পণ্য আমদানির সুযোগ

২০২৬ সেপ্টেম্বর ১৩ ২১:৫৭:৩৪

এলসি ছাড়াই শিল্প-বাণিজ্যিক পণ্য আমদানির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: নতুন আমদানি নীতি আদেশের আওতায় শিল্প ও বাণিজ্যিক পণ্য আমদানির ক্ষেত্রে বেশ কিছু শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় নির্ধারিত মূল্যসীমা বিবেচনা না করেই শিল্প ও বাণিজ্যিক খাতে আমদানিযোগ্য সব ধরনের পণ্য ঋণপত্র (এলসি) খোলা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানি করা যাবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা বিধিবিধান যথাযথভাবে পরিপালন করতে হবে।

নতুন আমদানি নীতি আদেশ অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নীতি অনুসরণ করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে আজ রোববার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিধানের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে আমদানি মূল্য পরিশোধের ক্ষেত্রে বিল পরিশোধের জন্য স্বাধীন বা ওপেন অ্যাকাউন্ট পদ্ধতি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এতে আমদানিকারকদের আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে আরও নমনীয়তা তৈরি হবে।

সার্কুলারে বলা হয়েছে, আমদানি নীতি আদেশ (২০২৬-২০২৯)-এর অনুচ্ছেদ ২৫ অনুযায়ী রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের মাধ্যমে স্থানীয় উৎস থেকে স্থানীয় মুদ্রায় এবং ফ্রি-অফ-কস্ট ভিত্তিতে উৎপাদনে ব্যবহৃত উপকরণ সংগ্রহ করতে পারবে।

এ ছাড়া উৎপাদন উপকরণ আমদানি ও সংগ্রহের ক্ষেত্রে বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থার প্রযোজ্যতা নিয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নতুন আমদানি নীতি কাঠামোর সঙ্গে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকে আরও সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি বাণিজ্যিক লেনদেনে নমনীয়তা বাড়ানো হবে। একই সঙ্গে সহজতর পণ্য সংগ্রহ ও মূল্য পরিশোধ ব্যবস্থার মাধ্যমে রপ্তানিমুখী শিল্পখাতকে সহায়তা করার লক্ষ্য রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত