ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

টানা ৬ দিন পতনে শেয়ারবাজার, নীরব নিয়ন্ত্রক সংস্থা

২০২৬ আগস্ট ১৯ ১৫:৪৭:৫৩

টানা ৬ দিন পতনে শেয়ারবাজার, নীরব নিয়ন্ত্রক সংস্থা

নিজস্ব প্রতিবেদক, ১৯ আগস্ট ২০২৬: টানা পঞ্চম দিনের মতো পতনের পর আজও (১৯ আগস্ট) নেতিবাচক ধারায় শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এর ফলে টানা ৬ কার্যদিবসে সূচকের দরপতন ঘটলো। আজ শুধু সূচকই নয়, টাকার অঙ্কেও লেনদেন কমেছে এবং অধিকাংশ কোম্পানির শেয়ারদর নেমে গেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে নিয়ন্ত্রক সংস্থার নতুন কমিশনও বাজারকে স্থিতিশীল রাখতে ব্যর্থ হচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার যেভাবে ইতিবাচক ছিল, তা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। যদিও বিনিয়োগকারীরা এখনও আশাবাদী, তবে তারা আশঙ্কা করছেন, এই নেতিবাচক ধারা অব্যাহত থাকলে বাজারের প্রতি আস্থা সংকুচিত হবে।

অভিযোগ উঠেছে, বাজারের ক্রমপতন রোধে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ বা নির্দেশনা দেখা যাচ্ছে না। বাজারউন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

তবে বর্তমান পতনকে অনেক বিশ্লেষক সুযোগ হিসেবেও দেখছেন। তাঁদের মতে, ধারাবাহিক দরপতনে বেশ কয়েকটি ভালো কোম্পানির শেয়ারের দাম তুলনামূলকভাবে কমে গেছে। তাই কম দামে শেয়ার কিনে ভবিষ্যতে উর্ধ্বমুখী বাজারে বিক্রি করলে ভালো মুনাফা সম্ভব। তাঁরা মনে করছেন, এই নেতিবাচক পরিস্থিতি চিরস্থায়ী নয়; বাজার আবার ঘুরে দাঁড়াবে এবং সূচক ও লেনদেন নতুন রেকর্ড গড়বে। কারণ দীর্ঘদিন এমন ধারা অব্যাহত থাকার কথা নয়। তাই সতর্কতার সঙ্গে বাছাই করা ভালো শেয়ার সংগ্রহ করে রাখার পরামর্শ দিচ্ছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬৯.৭১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫১.১৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬২.৯৬ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪০টির দর বেড়েছে, ১৯৮টির দর কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৭৩২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯৯৮ কোটি ১০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ২৬৫ কোটি ২৭ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩টির, কমেছে ১১৭টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৯৪.১২ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১১০.৭২ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত