ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুর অনুমোদন পেল রূপালী ব্যাংক
অর্থনীতি ডেস্ক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত একমাত্র রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক পিএলসি-কে সরকারের দেওয়া ইকুইটি সহায়তার বিপরীতে প্রায় ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যু করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
১৩ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) ব্যাংকটি জানায়, গত ১২ জুলাই বিএসইসি এক চিঠির মাধ্যমে সরকারকে ৪৫.৩৩ কোটি সাধারণ শেয়ার দেওয়ার এই প্রস্তাব অনুমোদন করেছে।
প্রতিটি ১০ টাকা ফেস ভ্যালুর সাথে ৫ টাকা প্রিমিয়ামসহ মোট ১৫ টাকা মূল্যে এই শেয়ারগুলো ইস্যু করা হবে। এর মাধ্যমে সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের অনুকূলে মোট ৬৭৯.৯৯ কোটি টাকার শেয়ার বরাদ্দ দেওয়া হবে।
গত ৩০ জুন রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ এই শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিতব্য একটি বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এই প্রস্তাবটি পেশ করা হবে। একই দিনে ব্যাংকের বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন সময়ে রূপালী ব্যাংককে ৬৭৯.৯৯ কোটি টাকার ইকুইটি সহায়তা দিয়েছিল সরকার। এই অর্থ ব্যাংকের হিসাবে ‘শেয়ার মানি ডিপোজিট’ বা শেয়ারের বিপরীতে আমানত হিসেবে জমা ছিল। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) ২০২০ সালের নির্দেশনা অনুযায়ী, এই ধরনের আমানতকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ শেয়ারে রূপান্তর করা বাধ্যতামূলক। মূলত সেই আইনি বাধ্যবাধকতা মানতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই শেয়ার ইস্যুর পর রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৪৮৭.৯৩ কোটি টাকা থেকে এক লাফে বেড়ে ৯৪১.২৬ কোটি টাকায় দাঁড়াবে। এর ফলে ব্যাংকে সরকারের অংশীদারিত্ব ৯০.১৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ৯৫ শতাংশে পৌঁছাবে। এদিকে পরিশোধিত মূলধন বেড়ে যাওয়ায় তা ব্যাংকের বর্তমান অনুমোদিত মূলধন ৭০০ কোটি টাকাকে ছাড়িয়ে যাবে। এ কারণে ব্যাংকটি তাদের অনুমোদিত মূলধন ৭০০ কোটি থেকে বাড়িয়ে ২,৫০০ কোটি টাকা করার জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি চাইবে। তবে এই শেয়ার ইস্যুর মাধ্যমে রূপালী ব্যাংকে নতুন করে কোনো তহবিল যুক্ত হচ্ছে না, কারণ পূর্বের দেওয়া সহায়তাই কেবল মূলধনে রূপান্তর করা হচ্ছে।
রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি দীর্ঘদিন ধরেই নানা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দুর্বল আর্থিক পারফরম্যান্সের কারণে ২০২৫ অর্থবছরে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি। চলতি ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, রূপালী ব্যাংক ৮৪ কোটি টাকা পরিচালন লোকসান এবং ৩৯৬ কোটি টাকার নিট লোকসান গুনেছে। ফলে তিন মাসে তাদের শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৮.১২ টাকা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৭.০৫ টাকা এবং গতকাল ডিএসইতে তাদের প্রতিটি শেয়ার ১৭.১০ টাকায় লেনদেন শেষ হয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)