ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

রেকর্ড উত্থানে সপ্তাহ শুরু, সূচক ও লেনদেনে নতুন মাইলফলক

২০২৬ জুলাই ১২ ১৫:০৭:২৩

রেকর্ড উত্থানে সপ্তাহ শুরু, সূচক ও লেনদেনে নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক: আজ (১২ জুলাই) রেকর্ড উত্থানে সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনে রেকর্ড হয়েছে। সূচক ও লেনদেনের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), যার প্রভাবে বাজারে সূচক ও লেনদেনে রেকর্ড হয়েছে।

গত ৮ জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন শেয়ারকারসাজিতে জড়িতদের বিচারের আওতায় আনার পাশাপাশি বাজার উন্নয়নে ১২ দফা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

গত ৯ জুলাই ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান বাজার উন্নয়নে বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন।

উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো: মিউচুয়াল ফান্ড বিধিমালা, মার্জিন ঋণ বিধিমালা এবং পাবলিক ইস্যু রুলস সংশোধন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভূমিকা আরও শক্তিশালী করা,উৎপাদন বন্ধ থাকা কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ,বেসরকারি কোম্পানির জন্য সরাসরি (ডাইরেক্ট) তালিকাভুক্তির সুযোগ, আইপিও প্রক্রিয়া সহজীকরণ,মার্জিন ঋণের বিধিমালা শিথিল, টি+১ সেটেলমেন্ট চালু,বন্ডকে মূল মার্কেটে স্থানান্তর এবং ডেরিভেটিভস চালু।

এসব পদক্ষেপের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। যে কারণে তাদের অংশগ্রহণ আরও বেশি বেড়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই সূচক ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি লেনদেন ৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা।

বিশ্লেষকরা বলছেন, সরকার ও বিএসইসির সমন্বিত উদ্যোগ বাজারকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। সংস্কার পরিকল্পনা বাস্তবায়িত হলে বাজারের গভীরতা বাড়বে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিবেশ তৈরি হবে। বিনিয়োগকারীদের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে মৌলভিত্তি সম্পন্ন শেয়ারে বিনিয়োগ করা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৯.২১ পয়েন্টে, প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের ১৫ আগস্ট সূচক ছিল ৫ হাজার ৯০৩.৮৩ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯২.৪৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২২.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০০.৭৪ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৯টির দর বেড়েছে, ১৫৬টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা প্রায় আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৬৯৩ কোটি ১৪ লাখ টাকার। গতকাল দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৪২৮ কোটি ৪৬ লাখ টাকার। অর্থাৎ গতকালের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২৪১ কোটি ১৬ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৬৫ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৯৪টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৭.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯২.৬৭ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ২৯.৫৯ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত