ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
উপজেলা হাসপাতালেই মিলবে ক্যাথল্যাব সুবিধা: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাথল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করতে সরকার প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালিসিস সেন্টার স্থাপনের পাশাপাশি ক্যাথল্যাব চালুর উদ্যোগ নিয়েছে।
রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা খাতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ভুল বা ত্রুটিপূর্ণ পরীক্ষার সুযোগ বন্ধ করতে ল্যাব পরিচালনার জন্য দক্ষ টেকনিশিয়ান তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্বাস্থ্য খাতে এক লাখ নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ৮০ হাজার হবেন নারী স্বাস্থ্যকর্মী। তারা বাড়ি বাড়ি গিয়ে মায়েদের প্রসবপূর্ব ও প্রসবপরবর্তী কাউন্সেলিং করবেন।
ডায়ালিসিস সেবা সম্প্রসারণের বিষয়ে মন্ত্রী বলেন, জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার এবং প্রতিটি জেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালিসিস সেন্টার স্থাপনের কাজ শুরু হয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, স্বাস্থ্য সহকারী কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক সংস্কার করে সেখানে উন্নত স্ক্রিনিং বক্সের ব্যবস্থা করা হবে।
আগামী দিনের নেতৃত্ব ও টেকসই উন্নয়নের জন্য তরুণ প্রজন্মকে সুস্থ ও দক্ষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা তরুণদের অবক্ষয় রোধে মাদকবিরোধী আইন, অনলাইন জুয়াবিরোধী আইন এবং ইভটিজিং প্রতিরোধে কঠোর আইন পাস করেছি। সমাজ থেকে সব ধরনের অনিয়ম দূর করে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
দেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের উদাহরণ তুলে ধরেন। মন্ত্রী বলেন, তিনি নিজে সেখানে অত্যন্ত জটিল একটি সফল অস্ত্রোপচার প্রত্যক্ষ করেছেন। তার ভাষায়, বিশ্বের উন্নত দেশগুলোর সমকক্ষ চিকিৎসাসেবা এখন বাংলাদেশেই পাওয়া যাচ্ছে, যা দেশের চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির প্রতিফলন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ স্বাস্থ্যখাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ