ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শেয়ারবাজারে অনিয়ম রুখতে কড়া বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বড় ধরনের গুণগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি স্পষ্ট জানিয়েছেন, যেসব কোম্পানির উৎপাদন কিংবা ব্যবসায়িক কার্যক্রম দীর্ঘদিন ধরে পুরোপুরি বন্ধ রয়েছে, সেগুলোর শেয়ার লেনদেন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশ্বের কোনো উন্নত বা পরিপক্ব শেয়ারবাজারে এমন অকার্যকর কোম্পানির শেয়ার সাধারণ নিয়মে লেনদেন হয় না উল্লেখ করে তিনি বলেন, সাধারণ বিনিয়োগকারীদের পুঁজির সুরক্ষা দিতেই কমিশন এই কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন। এ সময় সিএমজেএফ সভাপতি মনির হোসেন এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেলসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শেয়ারবাজারের সার্বিক নজরদারি বাড়াতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ক্ষমতা আরও সুসংহত করার ঘোষণা দেন বিএসইসি প্রধান। তিনি জানান, আগে কোনো শেয়ারের দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করলে ব্যবস্থা নেওয়ার জন্য ডিএসইকে কমিশনের অনুমতির অপেক্ষায় বসে থাকতে হতো, যা অনিয়ম প্রতিরোধে বিলম্ব ঘটাত। এখন সেই নিয়মে বদল এনে ডিএসইকে তাৎক্ষণিক বা 'রিয়েল-টাইম' অ্যাকশন নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এমনকি সার্কিট ব্রেকার নির্ধারণের দায়িত্বও এখন স্টক এক্সচেঞ্জের হাতে। বাজারকে গতিশীল করতে এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ অত্যন্ত জরুরি ছিল বলে তিনি মনে করেন।
নিজের দায়িত্ব গ্রহণের পেছনের গল্প তুলে ধরে মাসুদ খান বলেন, বিএসইসিতে যারা অতীতে কাজ করেছেন, তাদের প্রায় প্রত্যেককেই কোনো না কোনো সময় সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। এ কারণে শুরুতে তিনি এই পদে আসতে আগ্রহী ছিলেন না। তবে সরকারের পক্ষ থেকে শেয়ারবাজারের সংস্কারে পূর্ণ স্বাধীনতা ও আন্তরিকতার আশ্বাস পেয়ে পরিবারের সঙ্গে আলোচনা করেই শেষ পর্যন্ত এই চ্যালেঞ্জিং দায়িত্ব গ্রহণ করেন।
বহুজাতিক সংস্থায় দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, যেকোনো কাজের সফলতার মূল চাবিকাঠি হলো সুদূরপ্রসারী পরিকল্পনা। বিএসইসিতে যোগ দেওয়ার আগেই তিনি প্রায় তিন মাস ধরে দেশের শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর বিশ্লেষণ ও একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করেছেন।
বাজারের পরিধি ও গভীরতা বাড়াতে মিউচুয়াল ফান্ড সেক্টরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি। মাসুদ খানের মতে, সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে ভালো শেয়ার নির্বাচন করা কঠিন। তাই আন্তর্জাতিক মানদণ্ড মেনে দেশে 'ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার' বা আর্থিক পরামর্শক লাইসেন্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে মিউচুয়াল ফান্ড, মার্জিন ঋণ এবং পাবলিক ইস্যু সংক্রান্ত প্রচলিত বিধিমালা সংশোধনের কাজও পুরোদমে চলছে।
প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়াকে আরও সহজ ও আধুনিক করার পরিকল্পনার কথা জানান বিএসইসি চেয়ারম্যান। তিনি উল্লেখ করেন, বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে দীর্ঘ সময় লাগার পাশাপাশি প্রচুর কাগজপত্রের জটিলতা পোহাতে হয়। এর বিপরীতে ব্যাংক ঋণ অনেক সহজ হওয়ায় ভালো কোম্পানিগুলো বাজারে আসতে চায় না। এই জটিলতা দূর করতেই আইপিও প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার আনা হচ্ছে।
তিনি আরও প্রকাশ করেন যে, ভবিষ্যতে ইউনিলিভার বা ইনসেপটার মতো সুশাসিত ও বড় ব্র্যান্ডগুলোকে সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) সুযোগ দেওয়া হবে। বর্তমান নিয়মে কেবল সরকারি প্রতিষ্ঠানগুলো ২৫ শতাংশ শেয়ার ছেড়ে এই সুবিধা পায়। তবে নতুন নীতিমালায় যেকোনো ভালো কোম্পানি মাত্র ১০ শতাংশ শেয়ার অফলোড করেই সরাসরি বাজারে আসার সুযোগ পাবে।
বিনিয়োগকারীদের জন্য মার্জিন ঋণের নিয়মও সহজ করা হচ্ছে বলে নিশ্চিত করেন মাসুদ খান। তিনি বলেন, বিদ্যমান নীতিমালায় এত জটিল শর্ত রয়েছে যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই ঋণ নেওয়া কঠিন। আগামী সপ্তাহের মধ্যেই সংশোধিত মার্জিন ঋণ বিধিমালার খসড়া প্রকাশ করা হবে, যা গেজেট আকারে পাস হলে ঋণ পাওয়ার প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে।
সাবেক বিতর্কিত ‘ফ্লোর প্রাইস’ তুলে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে তিনি বলেন, নানামুখী সমালোচনা থাকলেও বাজারকে স্বাভাবিক ও কৃত্রিমতামুক্ত করতে এই সিদ্ধান্ত নেওয়া বাধ্যতামূলক ছিল। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখতে লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তালিকাচ্যুতি ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে শেয়ার লেনদেন নিষ্পত্তির সময়সীমা 'টি+১' (T+1) পদ্ধতিতে নামিয়ে আনার কাজ চলছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে বলে জানান তিনি।
শেয়ারবাজারের কারসাজিকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএসইসি চেয়ারম্যান আক্ষেপ করে বলেন, অতীতে কমিশনের করা জরিমানার বড় অংশই আইনি জটিলতায় আদালতে আটকে গেছে। পূর্ববর্তী কমিশন প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা জরিমানা করলেও বাস্তবে আদায় হয়েছে মাত্র ৩৩ লাখ টাকা। এই পরিস্থিতি বদলাতে বিশেষ আদালত বা বেঞ্চ গঠন এবং ট্রাইব্যুনালে সরাসরি মামলা দায়েরের আইনি সুযোগ তৈরি করা হচ্ছে।
দেশের বন্ড মার্কেটকে চাঙা করতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) পরিবর্তে সরাসরি মূল বাজারে (মেইন বোর্ড) বন্ড তালিকাভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। এর পাশাপাশি দেশের শেয়ারবাজারে ডেরিভেটিভস পণ্যের মতো আধুনিক ফিন্যান্সিয়াল টুলস চালুর কাজও এগিয়ে চলছে বলে জানান তিনি।
সবশেষে, ডিএসইর কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএসইসি চেয়ারম্যান স্পষ্ট করেন যে, কর্মকর্তা নিয়োগ বা অব্যাহতি দেওয়া সম্পূর্ণ ডিএসইর নিজস্ব প্রশাসনিক বিষয়, এতে কমিশনের হস্তক্ষেপের সুযোগ নেই। তবে বিএসইসি থেকে চাকরিচ্যুত হওয়া কর্মকর্তাদের বিষয়ে চলতি মাসের মধ্যেই একটি সম্মানজনক ও ইতিবাচক সমাধান আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)