ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
লন্ডন শেয়ারবাজারে বেক্সিমকো ফার্মার লেনদেন পুনরায় শুরু
নিজস্ব প্রতিবেদক: লন্ডন শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির বৈশ্বিক আমানত সনদ (জিডিআর)-এর ওপর আরোপিত লেনদেন স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ২৬ জুন থেকে কোম্পানিটির জিডিআর লেনদেন আবারও চালু হয়েছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) শনিবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস দেশের একমাত্র প্রতিষ্ঠান, যা ২০০৪ সালে লন্ডন শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তবে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরবর্তী সময়ের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করতে না পারায় ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে কোম্পানিটির জিডিআর লেনদেন স্থগিত ছিল।
লন্ডন শেয়ারবাজারের তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী, কোনো সিকিউরিটিজ টানা ছয় মাস স্থগিত থাকলে এবং স্থগিতাদেশের কারণ দূর না হলে সেটির তালিকাভুক্তি বাতিল হওয়ার ঝুঁকি থাকে। সে হিসেবে আগামী ২ জুলাই ছিল বেক্সিমকো ফার্মার জন্য নির্ধারিত সময়সীমার শেষ দিন।
এ অবস্থায় বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীরা কোম্পানিটির জিডিআর-এর তালিকাভুক্তি বাতিল ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে আবেদন করেন এবং এ বিষয়ে ডিবিএর সহযোগিতা কামনা করেন।
বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ডিবিএর সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটি দ্রুত বিএসইসি এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় শুরু করে। বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
ডিবিএর উদ্যোগের পর বিএসইসি কোম্পানিটির পরিচালনা পর্ষদকে বিশেষ সভা আয়োজনের অনুমতি দেয়। এর মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিক, নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা সম্ভব হয়।
ফলে কোম্পানির প্রতিবেদনসংক্রান্ত ঘাটতি দূর হয় এবং লন্ডন শেয়ারবাজার কর্তৃপক্ষ স্থগিতাদেশ প্রত্যাহার করে ২৬ জুন থেকে জিডিআর লেনদেন পুনরায় চালুর অনুমোদন দেয়।
ডিবিএ মনে করে, এই সিদ্ধান্ত বাংলাদেশের শেয়ারবাজারের আন্তর্জাতিক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা আরও শক্তিশালী করবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
এ বিষয়ে সময়োপযোগী সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ডিবিএর পক্ষ থেকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, বিনিয়োগ ও শেয়ারবাজারবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনের সদস্য ও কর্মকর্তারা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
ডিবিএ আশা প্রকাশ করেছে, সরকার দেশের শেয়ারবাজারে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ গুরুত্ব দেবে এবং বিনিয়োগবান্ধব নীতি, কার্যকর সংস্কার ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)