ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন সরকারে বাজারমুখী উদ্যোগ, বিএসইসি পরিবর্তনে বাড়ছে আস্থা

২০২৬ জুন ০৭ ১৪:৪০:৪৬

নতুন সরকারে বাজারমুখী উদ্যোগ, বিএসইসি পরিবর্তনে বাড়ছে আস্থা

নিজস্ব প্রতিবেদক: ২০১০ সালের মহাধসনের পর দীর্ঘদিন ধরেই শেয়ারবাজার ছিল পতনের অন্ধকারে নিমজ্জিত। শেয়ারবাজার উন্নয়নে লোক দেখানো নানা পদক্ষেপ নিয়েও বাজারে স্থিতিশীলতা ফেরেনি। বরং আরও বেশি তলানীতে চলে গেছে বাজার এবং বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা ভীষণভাবে বেড়েছে।

কিন্তু ১৭ বছরের দুশাসনের অবসান ঘটে চলতি বছর গঠিত হয়েছে নতুন সরকার। আর বর্তমান সরকার শেয়ারবাজার উন্নয়নে আন্তরিকভাবে সচেষ্ট রয়েছে। এই লক্ষ্যে গত সপ্তাহের শেষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্ব পরিবর্তন করে নতুন কমিশন নিয়োগ দেওয়া হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই পরিবর্তনের ইতিবাচক প্রভাব ইতিমধ্যে শেয়ারবাজারে পড়তে শুরু করেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমান গণতান্ত্রিক সরকার শেয়ারবাজার উন্নয়নে যে ধরনের উদ্যোগ নিয়েছে এবং যেভাবে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয় ও ইতিবাচক। নতুন কমিশন যদি সুষ্ঠুভাবে কাজ করতে পারে এবং বাজারকে কারসাজিমুক্ত রাখতে সক্ষম হয়, তবে একসময়ের সোনালী অতীত আবারও ফিরে আসতে পারে শেয়ারবাজারে।

তাদের দাবি, বর্তমান অবস্থা যাই হোক না কেন, বাজার আরও তলানীতে যাওয়ার কোনো আশঙ্কা নেই। বরং সূচক ও লেনদেন আগামীতে আরও উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এখন সময়মতো ভালো শেয়ার চিহ্নিত করে বিনিয়োগ করলে তা থেকে উল্লেখযোগ্য মুনাফা অর্জন সম্ভব। তবে তারা সতর্ক করে দিয়ে বলেছেন, গুজবে কান দিয়ে যেকোনো শেয়ারে বিনিয়োগ করলে তা হিতে বিপরীত হতে পারে। বাজারের গভীর বিশ্লেষণ ও যাচাই-বাছাই করেই বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন তারা।

মোটকথা, বিএসইসির নতুন কমিশনকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশার আলো ছড়িয়েছে। পুরোনো কমিশনের ব্যর্থতা কাটিয়ে নতুন নেতৃত্ব যদি কারসাজি ও অনিয়ম দমন করতে পারে, তবে দীর্ঘ মন্দার পর শেয়ারবাজারে স্থিতিশীলতা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে ধারণা করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৬.১৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৫.৫৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৮.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৭.১৯ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৪টির দর বেড়েছে, ১৬০টির দর কমেছে এবং ৪৯টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৫২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৭৭ কোটি ৪৬ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৩ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩০টির, কমেছে ৭৮টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৯.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯৭.২২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৮২.৩৪ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের কমেছেসোনার দাম

ফের কমেছেসোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণপ্রেমীদের জন্য স্বস্তির খবর এসেছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতির প্রভাবে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে... বিস্তারিত