ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
সীমান্তে বিজিবির কঠোর অবস্থান, একদিনে ৮ পুশইন চেষ্টা ব্যর্থ
নিজস্ব প্রতিবেদক: সীমান্তে কঠোর অবস্থান নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ৮ পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশে লোকজন পাঠানোর আটটি পৃথক প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
শনিবার (৬ জুন) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন যাদবপুর সীমান্ত দিয়ে তিন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা শূন্যরেখায় অবস্থান নিয়ে তাদের বাধা দেয়। পরে তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) দায়িত্বপূর্ণ করমুডাঙ্গা সীমান্ত এলাকায় ১৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির টহলদল দ্রুত ব্যবস্থা নিয়ে সেই প্রচেষ্টা প্রতিহত করে।
একইভাবে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) আওতাধীন বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্ত এলাকায় ২১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয়। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপের কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) দায়িত্বপূর্ণ দিঘলটারী সীমান্ত এলাকায় সাতজন এবং দুর্গাপুর সীমান্তে আরও চারজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবি উভয় ক্ষেত্রেই কার্যকর প্রতিরোধ গড়ে তোলে। বর্তমানে দুর্গাপুর সীমান্তের সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতীয় অংশের কাঁটাতারবিহীন চর এলাকায় অবস্থান করছে এবং সেখানে বিজিবি নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।
এদিকে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) দায়িত্বপূর্ণ পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্ত এলাকায় ১০ জনকে কাঁটাতারের বাইরে এনে অবস্থান করানো হয়। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ তাদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও এ দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ দিতে পারেনি বলে জানিয়েছে বিজিবি।
অন্যদিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) দায়িত্বপূর্ণ কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগে থেকে জড়ো করে রাখা ১৬-১৭ জন ব্যক্তিকে বিজিবির কঠোর অবস্থানের কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তাদের বিএসএফের চিকনী ক্যাম্প সংলগ্ন এলাকায় রাখা হয়েছে। এ পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন, প্রচলিত বিধান এবং বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সমঝোতার বাইরে কোনো ধরনের পুশইন প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ