ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী স্যামসাং
নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি খাতের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং বেসরকারি খাতের সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধান করছে কোরীয় কোম্পানিগুলো। বড় পরিসরে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে স্যামসাং।
কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়ার পর দুই দেশ অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেওয়ার বিষয়ে একমত হয়েছে।
এ লক্ষ্যে অগ্রাধিকারভিত্তিক সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বসহ (পিপিপি) ব্যবসায়িক সম্পৃক্ততা বাড়াতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সিউলে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কোরিয়ার বাণিজ্যমন্ত্রী জুং-সুং পার্কের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ইআরডি ও ইনভেস্ট বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত যৌথ ওয়ার্কিং গ্রুপে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়িক চেম্বারের প্রতিনিধিরা যুক্ত থাকবেন। অগ্রাধিকারভিত্তিক সংস্কার, বিনিয়োগের সুযোগ, ব্যবসা সহজীকরণ এবং পিপিপিসহ বেসরকারি খাতের কার্যকর অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন প্রক্রিয়া চিহ্নিত করাই হবে এ গ্রুপের কাজ।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, সিইপিএ নিয়ে আলোচনা সম্পন্ন হওয়ায় বাংলাদেশ ও কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ককে আরও বিস্তৃত ও গতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের এখন সুযোগ রয়েছে প্রচলিত বস্ত্র ও তৈরি পোশাকনির্ভর অংশীদারত্বের গণ্ডি পেরিয়ে কোরিয়ার সঙ্গে আরও বিস্তৃত ও প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার।’
সহযোগিতার উদীয়মান ক্ষেত্র হিসেবে ইলেকট্রনিকস ও সেমিকন্ডাক্টর, জাহাজ নির্মাণ ও সামুদ্রিক শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল ও সৃজনশীল শিল্পের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি জ্বালানি, ওষুধ, মেডিকেল ডিভাইস, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, লজিস্টিকস, আধুনিক উৎপাদনশিল্প ও অবকাঠামো খাতেও কোরীয় বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।
বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে চলমান বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও কোরীয় পক্ষকে অবহিত করেন মন্ত্রী। এসব উদ্যোগের মধ্যে রয়েছে মূলধন প্রত্যাবাসন প্রক্রিয়ার ডিজিটালাইজেশন ও অটোমেশন, ইলেকট্রনিকস শিল্পের কাঁচামালের ওপর শুল্ক ২৬ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনা এবং কাস্টমস ও বন্দর কার্যক্রম আরও সহজ ও গতিশীল করা।
কৌশলগত অবকাঠামো, জ্বালানি ও অন্যান্য অগ্রাধিকারমূলক বিনিয়োগ প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকার-টু-সরকার এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব মডেলের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
কোরিয়ার বাণিজ্যমন্ত্রী জুং-সুং পার্ক বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বের প্রতি তাঁর দেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী কোরীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও আগ্রহের বিষয়ও তুলে ধরেন তিনি। এসব বিষয় সমাধান হলে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ বিনিয়োগ আরও সহজ হবে বলে মনে করে কোরীয় পক্ষ।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের বিবেচনা ও পরবর্তী পদক্ষেপের জন্য বিষয়গুলোর একটি সমন্বিত তালিকা বাংলাদেশের কাছে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে কোরিয়া।
নতুন বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে কোরীয় কোম্পানিগুলো
সফরের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিদল শীর্ষস্থানীয় কয়েকটি কোরীয় কোম্পানির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছে। এসব বৈঠকে বাংলাদেশে সুনির্দিষ্ট বিনিয়োগ, প্রযুক্তি ও ব্যবসায়িক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
হুন্দাই গ্লোভিসের প্রেসিডেন্ট লি কিউ-বক ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে লজিস্টিকস, বন্দর উন্নয়ন এবং অটোমোটিভ খাত নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ পক্ষ লজিস্টিকস হাব, বন্দর, অর্থনৈতিক ও মুক্ত বাণিজ্য অঞ্চল, অটোমোটিভ সাপ্লাই চেইন এবং স্মার্ট লজিস্টিকস খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরে।
বাংলাদেশে সম্ভাবনা অনুসন্ধানে গভীর আগ্রহ প্রকাশ করেছে হুন্দাই গ্লোভিস। সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো এগিয়ে নিতে দুই পক্ষ ওয়ার্কিং-লেভেল টিম গঠনে সম্মত হয়েছে।
হানওয়া ওশানের সঙ্গে বৈঠকে জাহাজ নির্মাণ, জাহাজ মেরামত ও ড্রাই-ডকিং, সামুদ্রিক অবকাঠামো এবং ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট প্রকল্প নিয়ে আলোচনা হয়। প্রতিষ্ঠানটি প্রথম পর্যায়ে জাহাজ মেরামত, রক্ষণাবেক্ষণ ও রেট্রোফিটিংয়ের মাধ্যমে কার্যক্রম শুরু করার প্রস্তাব দিয়েছে। পরবর্তী সময়ে উচ্চমূল্য সংযোজিত জাহাজ নির্মাণ ও অন্যান্য সামুদ্রিক কার্যক্রমে সম্প্রসারণের ধাপে ধাপে পরিকল্পনাও তুলে ধরে তারা।
এ বিষয়ে পরবর্তী কারিগরি আলোচনা এবং ফলো-আপ সফরের মাধ্যমে কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে উভয় পক্ষ।
বাংলাদেশ প্রতিনিধিদল স্যামসাং ইলেকট্রনিকসের প্রেসিডেন্ট কিম উ-জুন ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছে। এতে ইলেকট্রনিকস উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল কানেক্টিভিটি এবং দক্ষ জনশক্তি উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী স্যামসাংকে বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণ এবং উন্নত প্রযুক্তিনির্ভর সমাধান চালুর সম্ভাবনা অনুসন্ধানের আহ্বান জানান। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট কিম বাংলাদেশে ভবিষ্যতে আরও বিস্তৃত সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে স্যামসাংয়ের আগ্রহের কথা জানান।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, সিইপিএ-পরবর্তী সুযোগকে বাস্তব ও দৃশ্যমান অর্থনৈতিক সুফলে রূপ দিতে বাংলাদেশ কোরিয়া সরকার ও দেশটির ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
তিনি আরও বলেন, বাংলাদেশ-কোরিয়া অর্থনৈতিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের মূল লক্ষ্য হওয়া উচিত বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, শিল্পের বহুমুখীকরণ, মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক ভ্যালু চেইনে বাংলাদেশের আরও গভীর সংযুক্তি। এর মাধ্যমে উভয় দেশের জন্য প্রবৃদ্ধি ও সমৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)