ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ধাপে ধাপে ১ কোটি ৭ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী

২০২৬ জুন ০৪ ২১:৪৬:৫৭

ধাপে ধাপে ১ কোটি ৭ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম ও জুতা সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের প্রায় ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীকে ধাপে ধাপে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার সচিবালয়ে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে পোশাক ও ফুটওয়্যার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে এ সভার আয়োজন করা হয়। পরে এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথম ধাপে একটি পাইলট (পরীক্ষামূলক) প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত ইউনিফর্ম ও জুতা বিতরণের কার্যকারিতা মূল্যায়ন করা হবে।

তিনি আরও বলেন, চলতি বছরের আগস্টের মধ্যেই পাইলট কর্মসূচির দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার। পাশাপাশি সরকারের প্রথম ছয় মাস পূর্তির আগেই এ উদ্যোগের বাস্তবায়ন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ববি হাজ্জাজ জানান, দেশের তৈরি পোশাকশিল্পের শীর্ষ সংগঠনগুলো ইতোমধ্যে এ কর্মসূচিতে ইতিবাচক সাড়া দিয়েছে। তাদের সহযোগিতায় পাইলট প্রকল্পের জন্য ৪ লাখের বেশি ইউনিফর্ম পাওয়া যাচ্ছে। একইভাবে দেশের জুতাশিল্প খাতের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও সহযোগিতা আশা করছে সরকার।

সভায় তিনি বলেন, পরীক্ষামূলক পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাদা রঙের ভেলক্রোযুক্ত (ফিতাবিহীন) কেডস সরবরাহের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের বয়স, প্রয়োজনীয় সাইজ, ছেলে-মেয়েদের চাহিদা এবং সরবরাহের সক্ষমতা নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামত চাওয়া হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য অনুদানের পরিমাণ, সরবরাহের সময়সীমা এবং উৎপাদন ব্যয়ের বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতে বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের জন্য জুতা সরবরাহ নিশ্চিত করতে সরকার ও শিল্প খাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলা হবে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং দেশের বিভিন্ন ফুটওয়্যার কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্যোগটি বাস্তবায়িত হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক সেবা আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত