ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রাথমিক বিদ্যালয়ে ক্লিনার ও অফিস সহকারী নিয়োগের পরিকল্পনা সরকারের
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতাকর্মীর সংকট দীর্ঘদিনের। প্রায় ৬৫ হাজার বিদ্যালয়ে ক্লিনার না থাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার অতিরিক্ত দায়িত্ব অনেক ক্ষেত্রে শিক্ষকদের ওপরই পড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়গুলোতে ক্লিনার নিয়োগের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে সরকারের ভাবনার কথা তুলে ধরেন। তবে বিষয়টি আগামী বাজেটের ওপর নির্ভর করছে বলেও ইঙ্গিত দেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিকের ৬৫ হাজার বিদ্যালয়ে কোনো ক্লিনার নেই। ফলে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ শিক্ষকদেরই করতে হয়। ক্লিনার বা পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ববি হাজ্জাজ বলেন, আসন্ন বাজেটে ক্লিনার নিয়োগের বিষয়টি অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এ ধরনের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তা সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, শুধু নতুন পদ সৃষ্টি নয়, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগকে একটি স্থায়ী ও কার্যকর কাঠামোর আওতায় আনার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। এ জন্য নতুন নীতিমালা প্রণয়ন কিংবা বিদ্যমান নীতিমালার আওতায় বিষয়টি অন্তর্ভুক্ত করা যায় কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তার ভাষায়, বিষয়গুলো নীতিমালার আওতায় নিয়ে আসার বিষয়েও আমাদের নজর রয়েছে।
এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লিনার নিয়োগের দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা। গত ১১ মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন শত শত থেকে হাজার হাজার শিক্ষার্থীর যাতায়াত হয়। শিশুরা ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেললেও বিদ্যালয় প্রাঙ্গণ ধুলাবালিতে ভরে থাকে। অথচ স্বাধীনতার এত বছর পরও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়নি। অন্যদিকে উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাগুলোতে একাধিক পরিচ্ছন্নতাকর্মী ও চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছে।
তারা আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিজ উদ্যোগেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং সাধারণ মানুষের মধ্যে বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। ১১ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশনা জারি করা হয়েছে। শিশুদের সুস্বাস্থ্য ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। তাই দ্রুত পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লিনার বা অফিস সহকারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেই উদ্যোগ শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু মূসা বলেন, বর্তমানেই কাজের চাপ এত বেশি যে মানসম্মত পাঠদান নিশ্চিত করাই কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে যদি পরিচ্ছন্নতার মতো অতিরিক্ত দায়িত্ব যুক্ত হয়, তাহলে তা শিক্ষকদের জন্য আরও কষ্টসাধ্য হয়ে ওঠে। তিনি মনে করেন, প্রধান শিক্ষককে প্রশাসনিক কাজে সহায়তার জন্য একজন অফিস সহায়ক নিয়োগ করা হলে সহকারী শিক্ষকদের অপ্রয়োজনীয় চাপ কমবে এবং তারা পাঠদানে আরও মনোযোগী হতে পারবেন।
অফিস সহকারী নিয়োগের পক্ষে আরেক শিক্ষক বলেন, অফিস সহকারী না থাকায় বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজও শিক্ষকদেরই করতে হয়। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটে, অন্যদিকে শিক্ষকদের মধ্যে অসন্তোষও তৈরি হয়।
উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী বা ক্লিনার নিয়োগের বিষয়টি অতীতেও আলোচনায় এসেছে। আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছিলেন, বিদ্যালয়গুলোতে একজন করে অফিস সহকারী নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। তিনি সে সময় শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পর অফিস সহকারী নিয়োগের বিষয়টি দেখার আশ্বাসও দিয়েছিলেন। তবে সেই উদ্যোগ বাস্তবায়নের আগেই তা থেমে যায়। বর্তমানে নতুন করে বিষয়টি আলোচনায় আসায় শিক্ষক সমাজের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ক্যাশ ডিভিডেন্ডে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিষেধাজ্ঞা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক
- ২৬৭০ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছে বিনিয়োগকারীরা