ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘ডোনাল্ড ট্টাম্প’ এর নামের বানান ভুল লেখায় বরখাস্ত চিড়িয়াখানার কিউরেটর
নিজস্ব প্রতিবেদক: জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নাম প্রদর্শন এবং পরে সেই নামের বানান ভুল লেখাকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পশুপালন) ক্যাডারের কর্মকর্তা ও জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। তবে প্রজ্ঞাপনে অভিযোগের প্রকৃতি উল্লেখ করা হয়নি।
প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সম্প্রতি জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষটির পরিচিতি ফলকে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর পরিবর্তে ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরে সরকারের উচ্চপর্যায় পর্যন্ত গড়ায়।
সূত্রগুলোর দাবি, শুধু বানান ভুল নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি মহিষের নাম সরকারি প্রতিষ্ঠানের প্রদর্শনী বোর্ডে বহাল রাখা নিয়েও আপত্তি ওঠে। পুরো বিষয়টিকে প্রশাসনিকভাবে বিব্রতকর হিসেবে দেখা হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, শুধু বানান ভুল নয়, সরকারি প্রতিষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প নামটি ব্যবহারের বিষয়টিও আলোচনায় আসে। দুটি বিষয় মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, একজন আন্তর্জাতিকভাবে পরিচিত রাষ্ট্রনেতার নামে প্রাণীর নাম প্রদর্শন এবং পরে সেই নামও ভুলভাবে লেখা গ্রহণযোগ্য মনে করা হয়নি। বিষয়টি উচ্চপর্যায় পর্যন্ত গিয়েছিল।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে ডা. মো. আতিকুর রহমানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সমমান) পদে বদলি করা হয়। তাঁকে লিভ, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভে দায়িত্ব দেওয়া হয়েছিল। একই প্রজ্ঞাপনে ডা. মো. হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর হিসেবে পদায়ন করা হয়।
পবিত্র ঈদুল আজহার আগে দেশজুড়ে আলোচনায় আসে প্রায় ৭০০ কেজি ওজনের বিরল অ্যালবিনো মহিষটি। গোলাপি-সাদা রঙ, মাথার সামনের সোনালি চুল এবং শারীরিক বৈশিষ্ট্যের কারণে খামারিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে এর নাম রাখেন।
পরে মহিষটি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। সরকার প্রাণীটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। পরে সেটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।
চিড়িয়াখানায় প্রদর্শনের সময় পরিচিতি ফলকে ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা হলে নতুন বিতর্কের সৃষ্টি হয়। সমালোচনার পর কর্তৃপক্ষ ফলকটি পরিবর্তন করে এবং বর্তমানে মহিষটিকে ‘সাদা মহিষ’ নামে প্রদর্শন করা হচ্ছে। এ ঘটনাকে ঘিরেই শেষ পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ক্যাশ ডিভিডেন্ডে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিষেধাজ্ঞা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক
- ২৬৭০ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছে বিনিয়োগকারীরা