ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না: ডেপুটি স্পিকার
নিজস্ব প্রতিবেদক: ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, সততা ও ন্যায়পরায়ণতার পথেই তিনি চলতে চান এবং জনগণের আস্থা রক্ষায় দুর্নীতির সঙ্গে কোনো আপস করবেন না।
শুক্রবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, ‘আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রীয় যেসব সুযোগ-সুবিধা পেয়েছি, তার একটি টাকাও আমার জানা মতে অপব্যবহার হয়নি। আমি যত দিন আপনাদের এমপি হিসেবে দায়িত্ব পালন করব, তত দিন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে সফল হতে হলে সততা, অধ্যবসায় ও সঠিক আদর্শ অনুসরণ করতে হবে। তিনি উল্লেখ করেন, এই মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের মধ্যেই অনেকে আজ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
নিজের রাজনৈতিক জীবনের সংগ্রামের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, ছাত্রজীবনে সামনে অনুসরণ করার মতো তেমন কোনো দৃষ্টান্ত ছিল না। কিন্তু বর্তমান শিক্ষার্থীদের সামনে অনেক সফল মানুষের উদাহরণ রয়েছে, যাদের জীবন থেকে তারা শিক্ষা নিতে পারে।
রাজনৈতিক পথচলার বিভিন্ন ধাপের কথা উল্লেখ করে কায়সার কামাল বলেন, ২০০৮ সালে নির্বাচনে জয়ী হতে পারেননি, ২০১৪ সালে নির্বাচন করেননি, ২০১৮ সালে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি এবং ২০২৪ সালেও নির্বাচনে অংশ নেননি। দীর্ঘ অপেক্ষা, ধৈর্য ও সংগ্রামের পর ২০২৬ সালের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘অনেকেই প্রশ্ন করেন, এত বছর অপেক্ষা করেও কীভাবে ধৈর্য ধরে ছিলাম। আমি বলি, সবুরে মেওয়া ফলে। মহান আল্লাহ জানেন মানুষের অন্তর। তিনি জানেন কে কোন উদ্দেশ্যে কাজ করে। সেই কারণেই হয়তো ধৈর্য, সততা ও ন্যায়পরায়ণতার পুরস্কার একসঙ্গে দিয়েছেন।’
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর স্বল্প সময়ে একাধিক দায়িত্ব পাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন, ১২ মার্চ ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন এবং এর মধ্যেই প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। এটি তার ব্যক্তিগত অর্জন নয়, বরং আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসার ফল বলে মন্তব্য করেন তিনি।
কলমাকান্দা ও দুর্গাপুরকে উন্নত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে কায়সার কামাল বলেন, এখানে হিংসা-বিদ্বেষ, প্রতিশোধ কিংবা রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি থাকবে না। ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দেশের অর্থনীতি ও সুশাসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ যারা লুটপাট ও বিদেশে পাচার করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যেন কেউ জনগণের সম্পদ লুটে বিদেশে পাচার করার সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
মাদ্রাসার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মাদ্রাসার অধ্যাপক মো. আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নীলু, জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম, এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চান মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনামুল হক তালুকদার ও মোস্তফা কামাল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী