ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তরুণদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস
ডুয়া ডেস্ক: দেশে ২০ থেকে ৩০ বছর বয়সি তরুণদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অস্বাস্থ্যকর জীবনযাপন, অতিরিক্ত স্ক্রিন নির্ভরতা, অনিয়মিত ঘুম, ফাস্টফুড ও কোমল পানীয় গ্রহণ এবং শারীরিক পরিশ্রমের অভাবকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, একসময় ডায়াবেটিসকে মধ্যবয়সি বা বয়স্কদের রোগ হিসেবে দেখা হলেও বর্তমানে তরুণদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই রোগ। নগরজীবনের পরিবর্তিত জীবনধারা এবং ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার এ প্রবণতাকে আরও বাড়িয়ে তুলছে।
বারডেম জেনারেল হাসপাতালের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. আবু নাছির মোহিত বলেন, তরুণদের মধ্যে খেলাধুলা ও শারীরিক পরিশ্রম কমে যাওয়ায় টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। দীর্ঘ সময় মোবাইল ও কম্পিউটারের সামনে বসে থাকা, ফাস্টফুড ও চিনিযুক্ত পানীয় গ্রহণ এবং অলস জীবনযাপন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তিনি জানান, রাত জেগে মোবাইল ব্যবহারের অভ্যাসও বড় ঝুঁকি হয়ে উঠেছে। পর্যাপ্ত ও নিয়মিত ঘুম না হলে শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে এবং ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে।
চিকিৎসকদের মতে, অতিরিক্ত জাঙ্ক ফুড, কোমল পানীয় এবং কম শারীরিক পরিশ্রমের কারণে তরুণদের মধ্যে স্থূলতা ও বিপাকজনিত নানা জটিলতা বাড়ছে। দীর্ঘ সময় স্ক্রিনের সামনে বসে থাকার ফলে শরীরের গ্লুকোজ নিয়ন্ত্রণের সক্ষমতাও কমে যায়। এতে প্রথমে প্রি-ডায়াবেটিস এবং পরে পূর্ণাঙ্গ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি তৈরি হয়।
বিশেষজ্ঞরা ‘প্রি-ডায়াবেটিস’ সম্পর্কে সচেতনতার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এ অবস্থায় রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও তা এখনো পূর্ণাঙ্গ ডায়াবেটিসে রূপ নেয় না।
আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের (এডিএ) মান অনুযায়ী, খালি পেটে রক্তে শর্করার মাত্রা ১০০ মিলিগ্রাম/ডেসিলিটারের নিচে থাকলে তা স্বাভাবিক। ১০০ থেকে ১২৫ মিলিগ্রাম/ডেসিলিটার হলে প্রি-ডায়াবেটিস এবং ১২৬ মিলিগ্রাম/ডেসিলিটার বা তার বেশি হলে ডায়াবেটিস হিসেবে ধরা হয়।
চিকিৎসকদের ভাষ্য, প্রি-ডায়াবেটিস অনেক সময় কোনো স্পষ্ট উপসর্গ ছাড়াই শরীরে নীরবে বাসা বাঁধে। তবে অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, অস্বাভাবিক ক্লান্তি, ঝাপসা দৃষ্টি, হঠাৎ ওজন কমে যাওয়া এবং অতিরিক্ত ক্ষুধা অনুভব করলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন তারা।
ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনজনিত রোগ বিশেষজ্ঞ ডা. শংকর বড়ুয়া বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস শরীরের প্রায় সব অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তরুণদের ক্ষেত্রে এর জটিলতা আরও ভয়াবহ, কারণ দীর্ঘ সময় ধরে রোগের প্রভাব শরীরে বহন করতে হয়।
তিনি জানান, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদরোগ, কিডনি বিকল, স্নায়ুর ক্ষতি, লিভারের সমস্যা ও দৃষ্টিশক্তি হ্রাসের মতো জটিল রোগের ঝুঁকি বেড়ে যায়।
গর্ভকালীন ডায়াবেটিস প্রসঙ্গে ডা. বড়ুয়া বলেন, যেসব মা গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হন, তাদের সন্তানদের ভবিষ্যতে স্থূলতা ও টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তবে গর্ভাবস্থায় রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে পারলে এ ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
ইনসুলিন থেরাপি নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা সম্পর্কেও সতর্ক করেছেন তিনি। তার ভাষায়, ইনসুলিন কোনো ক্ষতিকর বা আসক্তি তৈরি করা ওষুধ নয়; এটি শরীরে স্বাভাবিকভাবে উৎপন্ন হরমোনের কৃত্রিম রূপ মাত্র। অনেক ক্ষেত্রে ইনসুলিনই সবচেয়ে নিরাপদ ও কার্যকর চিকিৎসা।
বিশেষজ্ঞদের পরামর্শ, ডায়াবেটিস প্রতিরোধে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিনি, কোমল পানীয়, সাদা চাল ও প্রক্রিয়াজাত খাবার কমিয়ে আঁশযুক্ত খাবার, শাকসবজি, লাল চাল ও শস্যজাতীয় খাবার বেশি খাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এ ছাড়া প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪০ মিনিট হাঁটা বা শরীরচর্চা এবং ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমকে ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দ্রুত রোগ শনাক্তকরণ, সচেতনতা বৃদ্ধি এবং সুশৃঙ্খল জীবনযাপনই তরুণদের মধ্যে ডায়াবেটিসের বিস্তার রোধে সবচেয়ে কার্যকর উপায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ চেয়ারম্যান ও ৭ ডিনের পদত্যাগ, নেপথ্যে কী?
- লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার