ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জলাবদ্ধতা ইস্যুতে দুঃখ প্রকাশ, সচেতনতায় এমপিদের ভূমিকা চান প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের তীব্র জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি এবং এ ক্ষেত্রে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে সাঈদ আল নোমান চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে ধরেন। তিনি জানতে চান, দীর্ঘদিন ধরে চলা এই সমস্যা সমাধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে কী ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা এখন জলাবদ্ধতা। অতিবর্ষণে শহরের অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে, মানুষ চরম দুর্ভোগে পড়েছে। অনেকের বসবাসের জায়গা পানিতে ডুবে যাওয়ায় তারা কার্যত পানির মধ্যেই জীবনযাপন করছেন। পুরো নগরজুড়ে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় অনেকেই মনে করছেন, এই সমস্যার স্থায়ী সমাধান হয়তো আর সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে যদি অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্যার সমাধান করা যায় এবং বিশেষজ্ঞদের মাধ্যমে টেকসই ব্যবস্থা নেওয়া হয়, তাহলে মানুষের আস্থা ফিরে আসবে।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনিও দেখেছেন যে অতিবর্ষণের কারণে চট্টগ্রাম শহরের বড় একটি অংশ পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষ কষ্টে আছে। তিনি উল্লেখ করেন, এই সমস্যা শুধু চট্টগ্রামের নয়, দেশের বিভিন্ন জায়গায়ই একই চিত্র দেখা যায়। ঢাকাসহ বড় শহরগুলোতেও সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, এটি বহুদিনের একটি সমস্যা। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছিলেন। সেই পথ অনুসরণ করে বর্তমান সরকার সারাদেশে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে এবং ইতোমধ্যে এ কাজ শুরু হয়েছে। তিনি জানান, লেক, ড্রেন, নালা ও খালগুলো প্লাস্টিক বোতল, পলিথিনসহ বিভিন্ন বর্জ্যে ভরে যাওয়ায় পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। নিয়মিত পরিষ্কার কার্যক্রম চললেও মানুষের অসচেতনতার কারণে আবারও সেখানে ময়লা ফেলা হচ্ছে, ফলে সমস্যার স্থায়ী সমাধান বাধাগ্রস্ত হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, এটি একটি বড় জাতীয় সমস্যা। সরকার এ বিষয়ে কাজ করছে এবং আরও উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে সমস্যার বড় অংশই সমাধান করা সম্ভব। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। তবে জলাবদ্ধতা বড় আকার ধারণ করায় এর পুরোপুরি সমাধানে কিছুটা সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- অনার্সে পড়া শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সরকার
- ঈদুল আজহার তারিখ নির্ধারণে বসছে চাঁদ দেখা কমিটি
- ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ
- নতুন করপোরেট গভর্নেন্স রুলসের খসড়া প্রকাশ, মতামত আহ্বান বিএসইসির
- সমকামিতার অভিযোগে দুই ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- না ফেরার দেশে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবে ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ
- নতুন উপাচার্য পেল দেশের ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়
- ৩৬,০০০ টাকা বেতনে চাকরির সুযোগ ইস্টার্ন ব্যাংকে