×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের উদ্যোগ ডিএসসিসির

২০২৬ এপ্রিল ২৮ ২০:৫০:৪৩

অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের উদ্যোগ ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যানজট কমানো এবং নগরবাসীর ভোগান্তি লাঘবের লক্ষ্যে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এবং রিকশা-ভ্যান মালিক ফেডারেশনের নেতারা অংশ নেন।

মঙ্গলবার ডিএসসিসির নগর ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মো. আবদুস সালাম।

জানা যায়, ২০২১ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় প্রায় ২ লাখ ১২ হাজার প্যাডেলচালিত রিকশা ও ভ্যানকে চলাচলের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে বর্তমানে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট বৃদ্ধি পেয়েছে এবং নগর নিরাপত্তা ব্যাহত হচ্ছে।

সভায় ফেডারেশনের নেতারা বলেন, অবৈধ ব্যাটারিচালিত রিকশার কারণে প্যাডেলচালিত রিকশা প্রায় বিলুপ্তির পথে। অনেক চালক এখন আর প্যাডেল রিকশা চালাতে আগ্রহী নন। ফলে কিছু মালিক লাইসেন্সকৃত প্যাডেল রিকশায় ব্যাটারি সংযোজন করছেন।

তারা দাবি জানান, যেসব লাইসেন্সপ্রাপ্ত রিকশায় ব্যাটারি সংযোজন করা হয়েছে, সেগুলোকে নতুন নীতিমালার আওতায় বৈধতা দেওয়া হোক। পাশাপাশি ঢাকা শহরের স্থায়ী চালক ও মালিক ছাড়া মৌসুমি চালক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রিকশা ঢাকার ঐতিহ্য হলেও বর্তমানে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নাগরিকদের জন্য বড় ধরনের ঝুঁকিতে পরিণত হয়েছে। সরকার এ সমস্যা সমাধানে কাজ করছে এবং অবৈধ রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, নীতিমালায় জনভোগান্তি এবং জীবিকা এই দুই বিষয়কে গুরুত্ব দিয়ে ভারসাম্য রাখা হবে। নির্দিষ্ট ডিজাইন, গতি ও নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে সীমিত সংখ্যক রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে, যাতে শহরে শৃঙ্খলা বজায় থাকে।

সভায় তিনি ঢাকা শহরের বাইরে থেকে এসে অবৈধভাবে ব্যাটারিচালিত রিকশা ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে স্থানীয় রিকশা মালিক ও চালকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত