ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

জুলাই সনদ ধাপে ধাপে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

২০২৬ এপ্রিল ২৭ ২১:৪৬:১০

জুলাই সনদ ধাপে ধাপে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গণভোট ও ‘জুলাই সনদ’ নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে কিছু ব্যক্তি ও দল ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য অস্থিরতা তৈরি করতে চায়, তারা ব্যর্থ হলে জনগণের কল্যাণে নেওয়া বিভিন্ন কর্মসূচি যেমন নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন, বন্ধ মিল-কারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ এসব বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, দেশের অগ্রগতি অব্যাহত রাখতে জনগণকেই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ ধাপে ধাপে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ইতোমধ্যেই প্রমাণ করেছে যে তারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু মেনে নেয় না। ভবিষ্যতেও কেউ দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলতে চাইলে তারা একইভাবে প্রতিরোধ গড়ে তুলবে। উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়িত হলে মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ২০ কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব। বিশ্বের অন্যান্য দেশের উন্নয়নের উদাহরণ টেনে তিনি বলেন, সিঙ্গাপুরের মতো দেশও স্বল্প সময়ে নিজেদের অবস্থার পরিবর্তন করেছে, বাংলাদেশও তা করতে সক্ষম।

প্রধানমন্ত্রী অতীতের রাজনৈতিক অস্থিরতার কথাও উল্লেখ করেন এবং বলেন, দীর্ঘদিনের হরতাল-অবরোধ দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উলসী খাল পুনঃখনন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন অবহেলায় খালটি ভরাট ও দখল হয়ে পড়েছে, ফলে স্থানীয় মানুষ ও কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। খালটি পুনঃখনন করা হলে প্রায় ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন, উৎপাদন বাড়বে প্রায় ১৪০০ টন খাদ্যশস্য এবং প্রায় ৭২ হাজার মানুষ উপকার পাবেন।

তিনি আরও জানান, খাল পুনঃখনন শেষে এর দুই পাশে প্রায় ৩ হাজার গাছ লাগানো হবে। এতে পরিবেশের উন্নয়ন যেমন হবে, তেমনি স্থানীয়দের আর্থিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে। খালে পানি ফিরলে হাঁস পালনসহ গ্রামীণ অর্থনীতির বিভিন্ন খাতও সচল হবে।

নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সময় ধাপে ধাপে নারীদের শিক্ষা বিনামূল্যে করা হয়েছিল। সেই উদ্যোগকে আরও এগিয়ে নিতে মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও থাকবে।

এর আগে সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি উলসী খাল পুনঃখননের উদ্বোধন করেন এবং নিজ হাতে মাটি কাটেন। পরে খালের পাড়ে বৃক্ষরোপণও করেন।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বক্তব্য দেন।

এর আগে সকাল ১১টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী খননস্থলে পৌঁছে ফলক উন্মোচন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর যশোরের শার্শার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খাল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন, যা ‘জিয়ার খাল’ নামে পরিচিত। বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খালটি পুনঃখনন করা হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

৩ কোটি ডলার ঋণ পাচ্ছে প্রাইম ব্যাংক; চাঙ্গা হবে এসএমই ও কৃষি খাত

৩ কোটি ডলার ঋণ পাচ্ছে প্রাইম ব্যাংক; চাঙ্গা হবে এসএমই ও কৃষি খাত

নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি খাতের অন্যতম প্রধান প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ‘ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’... বিস্তারিত