ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

দেশের স্থিতিশীলতা নষ্ট করতে বিশেষ শ্রেণি তৈরি হয়েছে: মির্জা ফখরুল 

২০২৬ এপ্রিল ২৪ ১৮:১০:২১

দেশের স্থিতিশীলতা নষ্ট করতে বিশেষ শ্রেণি তৈরি হয়েছে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক: দেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি বিশেষ শ্রেণি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের অধীনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

‘আপনারা কখন বিচলিত হবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। বাংলাদেশে একটা শ্রেণি তৈরি হয়েছে, যারা স্থিতিশীলতাকে নষ্ট করতে চায়। জনগণ ঐক্যবদ্ধভাবে একটি ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছে ৫ আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে। যারা আমাদের জন্য প্রাণ দিয়েছে, তাদের মূল্য আমাদের দিতে হবে। আমরা একটা শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই এবং একটি উন্নত ঠাকুরগাঁও দেখতে চাই,’ জনগণের উদ্দেশে বার্তা দিলেন বিএনপি মহাসচিব।

‘আমাদের সরকার আমাদের দেশনায়ক, যিনি নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন, বাংলাদেশকে গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছেন এবং গড়ে তুলছেন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা নতুন নতুন প্রকল্প নেওয়া শুরু করেছি। হঠাৎ করে একটা দুর্যোগ এসে গেছে। ইরান ইসরায়েলযুদ্ধসমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করছে। এতে আমরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের এখানে তেলের দাম বেড়েছে। পেট্রল পামগুলোর সামনে অনেক মোটরসাইকেল। এতে একটা সমস্যা তৈরি হয়েছে,’ বলছিলেন মন্ত্রী।

‘কিন্তু এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়। এই সমস্যাটা কিছুটা তৈরি করা। কিছু মানুষ এখানে অনৈতিক ব্যবসা শুরু করেছে যেটা আমাদের জন্য, দেশের জন্য ক্ষতিকর। এটা করতে দেওয়া যাবে না। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে নজর দিতে। কেউ যেন এই দুর্যোগের সময় তেল বিক্রি করে ফায়দা লুটতে না পারে,’ সতর্ক করলেন মির্জা ফখরুল।

তিনি সবাইকেইতিবাচক রাজনীতি করার আহ্বানজানান।

অনুষ্ঠানে সরকারি সাহায্য ও ত্রাণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। শিলাবৃষ্টিতে ঘর হারানো সদর উপজেলার রহিমা খাতুন এক বান্ডিল টিন ও নগদ ৩০০০ টাকা পেয়েছেন। ‘ঝড়ে চালের টিনগুলো সব ফুটো হয়ে গিয়েছিল। বৃষ্টি হলে ঘরে পানি পড়ত। আজ টিন আর টাকা পেয়ে খুব উপকার হলো। এখন আবার নতুন করে থাকতে পারব। মন্ত্রী সাহেবের জন্য প্রাণভরে দোয়া করি।’

প্রবীণ মো. সলেমান আলীও পেয়েছেন সহায়তা। ‘এই সংকটের সময় নগদ টাকা আর টিন পেয়ে আমাদের অনেক বড় দুশ্চিন্তা দূর হলো। সরকারের এই উদ্যোগ আমাদের মতো গরিব মানুষের জন্য বড় আশীর্বাদ।’

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিইডির মাধ্যমে ১৯৫টি মসজিদ, ৮৯টি মন্দির, ৫টি কবরস্থান, ৪টি ঈদগা ও একটি শ্মশানসহ মোট ২৯৪টি প্রতিষ্ঠানের অনুকূলে ১৪ কোটি ৭০ লাখ টাকার বরাদ্দপত্র বিতরণ করা হয়।

মন্দির কমিটির প্রতিনিধি নির্মল কুমার জানান, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এই বরাদ্দ পাওয়ায় আমরা কৃতজ্ঞ। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অবকাঠামোগত উন্নয়নে এই অর্থ বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মোট ৫০০ পরিবারকে ১ বান্ডিল টিন ও ৩০০০ টাকা করে এবং ৮০টি পরিবারকে ৬২৫০ টাকা করে দেওয়া হয়। এ ছাড়া জেলা পরিষদ হতে ৭০টি পরিবারকে ১ বান্ডিল টিন ও ৬০টি পরিবারকে ৫০০০ টাকা করে নগদ সাহায্য দেওয়া হয়। একই সঙ্গে জেলা পরিষদের অধীনে ৮৮টি উন্নয়ন প্রকল্পের জন্য ৯০ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন

দেশে সোনার দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক: স্বর্ণবাজারে আবারও দামের সমন্বয় আনলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—ভরিতে কয়েক হাজার টাকা কমে নতুন দর কার্যকর হয়েছে।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন(বাজুস) এ... বিস্তারিত