ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ব্যয় সংকোচনে ছোট হচ্ছে পুলিশ সপ্তাহ, কমছে আয়োজন

২০২৬ এপ্রিল ১৭ ১৪:১০:৫২

ব্যয় সংকোচনে ছোট হচ্ছে পুলিশ সপ্তাহ, কমছে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: সরকারের ব্যয় সংকোচন নীতির প্রভাব পড়েছে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন ‘পুলিশ সপ্তাহ’-এ। কম খরচে সীমিত পরিসরে আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে এবারের আয়োজন।

জ্বালানি ও পরিচালন ব্যয় কমানোর অংশ হিসেবে সাত দিনের পরিবর্তে চার দিনে সীমাবদ্ধ করা হয়েছে পুলিশ সপ্তাহ। পাশাপাশি কমানো হয়েছে ইভেন্ট, অতিথি ও পদকপ্রাপ্ত সদস্যের সংখ্যাও।

এবারের পুলিশ সপ্তাহে ১১৫ জন পুলিশ সদস্য পদক পাচ্ছেন। তবে আগেরবার বাদ পড়া রাষ্ট্রপতির সঙ্গে সম্মিলন অনুষ্ঠানটি আবার অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। তিনি রাজারবাগ পুলিশ লাইনসে প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং পদক প্রদান করবেন।

প্রথমদিকে ৪-৭ মে অথবা ১১-১৪ মে—এই দুটি সম্ভাব্য সময় নির্ধারণ করা হলেও পরে প্রধানমন্ত্রীর দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী ১০ মে থেকে আয়োজন শুরুর দিন চূড়ান্ত করা হয়।

সরকারি ব্যয় কমাতে মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি ৯ দফা নির্দেশনা জারি করে, যার মধ্যে জ্বালানি ব্যবহার, ভ্রমণ, প্রশিক্ষণ ও অনুষ্ঠান খাতে বড় ধরনের কাটছাঁটের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার আলোকে পুলিশ সপ্তাহের আয়োজনও সংক্ষিপ্ত করা হয়েছে।

এবার নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভা বাতিল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারের নিচের পদমর্যাদার সদস্যদের আমন্ত্রণ জানানো হচ্ছে না। রাজারবাগসহ বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা পরিহার করা হচ্ছে এবং খাবারের আয়োজনেও কাটছাঁট আনা হয়েছে।

চার দিনের কর্মসূচিতে থাকবে প্যারেড, আইজিপি সম্মেলন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, পুনাক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন সংস্থার প্রেজেন্টেশন। এছাড়া অবসরপ্রাপ্ত ও কর্মরত পুলিশ কর্মকর্তাদের পুনর্মিলনী এবং রাষ্ট্রপতির সঙ্গে সম্মিলন অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, পুলিশ সপ্তাহ সফলভাবে আয়োজনের জন্য ২৪টি কমিটি ও কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে পরিস্থিতি ভেদে পুলিশ সপ্তাহের সময়সীমা ও আয়োজনের ধরনে পরিবর্তন এসেছে। এবারও ব্যয় সংকোচনের কারণে অনুষ্ঠানটি সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত