ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

ঢাবিতে ছাত্রলীগের মিছিল, পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ছাত্রশক্তির

২০২৬ মার্চ ২২ ২০:৫০:১২

ঢাবিতে ছাত্রলীগের মিছিল, পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ছাত্রশক্তির

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তাদের আকস্মিক মিছিলের প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় ছাত্রশক্তি। এই ঘটনায় জড়িত খুনি ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশকে আগামী ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।

রোববার (২২ মার্চ) রাতে রাজধানীর শাহবাগ থানায় অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান।

ঈদের ছুটির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের একদল নেতাকর্মী ব্যানারসহ মিছিল করে। নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থী ও জুলাই বিপ্লবের কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জাহিদ আহসান বলেন, “পবিত্র ঈদের আনন্দের মধ্যেও রাজনৈতিক ষড়যন্ত্র থেমে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ ব্যানার নিয়ে মিছিল করেছে। অথচ আট-নয় ঘণ্টা পার হয়ে গেলেও পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি।”

ছাত্রশক্তি সভাপতি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “ঢাবি প্রক্টর আমাদের জানিয়েছেন যারা মিছিলে ছিল তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, বরং মহানগর ছাত্রলীগ। যদি তারা বহিরাগতই হয়, তবে তাদের ক্যাম্পাসে ঢোকার সুযোগ দেওয়া হলো কেন? এই ঘটনায় ঢাবি প্রশাসন ও ডাকসুর নীরবতা আমাদের হতাশ করেছে।”

জাহিদ আহসান হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রলীগের খুনের রাজনীতির সঙ্গে জড়িতরা আইনি ফাঁকফোকরে জামিন পাচ্ছে, যা গভীর উদ্বেগের। তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ইস্যুতে কথা বললেও ছাত্রলীগকে নিয়ে এখন পর্যন্ত কোনো কঠোর বার্তা দেননি। তাদের গ্রেফতার করা পুলিশের দায়িত্ব। আমরা পুলিশকে স্পষ্ট জানিয়েছি, ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব।”

জাহিদ আহসান আশঙ্কা প্রকাশ করেন যে, ছাত্রলীগ বর্তমানে ইফতার বা বিভিন্ন অজুহাতে একত্রিত হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। শাহবাগ থানার ওসির বরাত দিয়ে তিনি জানান, পুলিশ অপরাধীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত